জাবি প্রতিনিধি :
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সমাজবিজ্ঞান অনুষদের সামনে দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়। দুপুর ১২টা ৫ মিনিট থেকে ১২টা ২৫ মিনিট পর্যন্ত মহাসড়কের আরিচাগামী লেন অবরোধ করে সেখানে সমাবেশ করেন তারা।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, “সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। গণঅভ্যুত্থানের পর দেশের জনগণ রাতে বাইরে বের হলে জীবন হুমকির মুখে পড়ছে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই— আপনি যদি দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হন, তাহলে গদি ছেড়ে দিন, আমরা বিকল্প কাউকে ভেবে নেব।
গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন জেলায় বিপ্লবীদের ওপর হামলা করা হলেও স্বরাষ্ট্র উপদেষ্টা ‘ডেভিল হান্ট’ নামে একটি অপারেশন চালু করেন, যা বাস্তবে বিপ্লবীদেরই দমন করতে ব্যবহার করা হয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর বিভিন্ন পদে এখনো আওয়ামী দোসররা বহাল রয়েছে। এদের অনতিবিলম্বে চাকরিচ্যুত করতে হবে। অন্যথায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা যদি যথাসময়ে সঠিক পদক্ষেপ নিতে না পারেন, তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার বিরুদ্ধে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”
গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ বলেন, “ঠিক এই স্থানেই মাত্র সাত মাস আগে আমরা তৎকালীন ফ্যাসিস্ট ও স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিলাম। রাজপথে দাঁড়ানোর পরিণাম কী হয়েছিল, তা আপনারা সবাই জানেন। ৫ আগস্টের পর আমরা আশা করেছিলাম, মা-বোনেরা নিরাপদে যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা যেতে পারবে। আমরা নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য করতে পারবো, নিরাপদে চলাচল করতে পারবো।
কিন্তু ৫ আগস্ট পরবর্তী সময়ে উপদেষ্টা পরিষদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টরটিকেই অবহেলা করা হয়েছে। আমরা এতে ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। এর আগেও এক স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা পদচ্যুত করতে বাধ্য করেছিলাম। আশা করেছিলাম, নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবেন। কিন্তু সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে রাজপথে থাকার পরও দেশের শান্তি-শৃঙ্খলা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। ছিনতাই বেড়েছে, মা-বোনেরা বাসের মধ্যে ধর্ষণের শিকার হচ্ছে, যা অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে।
জাসদ চরমপন্থীদের দ্বারা আমার ভাইদের হত্যা করা হয়েছে, আমার মায়ের গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই হয়েছে। এগুলো দেখে সেই ‘মৎস্যন্যায়ের’ যুগের কথাই মনে পড়ে। আমরা আপনাদের পদত্যাগের কোনো আলটিমেটাম দিচ্ছি না। আপনারা যদি দায়িত্ব পালন করতে পারেন, করুন— নইলে সম্মানের সঙ্গে পদত্যাগ করুন।”
সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী জিয়াউদ্দিন আয়ান বলেন, “স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনাবাহিনী ছয় মাস ম্যাজিস্ট্রেট পাওয়ার পরও কিছু করতে পারেনি। সারাদেশে সন্ত্রাসবাদ রুখতে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। প্রতিনিয়ত মা-বোনদের ওপর ধর্ষণের মতো ঘটনা ঘটছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ক্যাম্পাসের বাইরে গিয়ে নিরাপদ বোধ করছে না। দেশের মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। পদত্যাগ না করলে আমরা অবরোধ কর্মসূচি চালিয়ে যেতে বাধ্য হবো