আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার দায়ে স্বামী আটক

কে এম নজরুল ইসলাম : 
চাঁদপুরের ফরিদগঞ্জে পারিবারিক কলহের জের ধরে রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রামের ফকির বাড়ির জসিম উদ্দিনের স্ত্রী দুই সন্তানের জননী সেলিনা বেগমকে (২৩) আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে স্বামী জসিম উদ্দিনকে (৩৭) আটক করেছে পুলিশ। 
২৬ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে দুই সন্তানের জননী সেলিনা বেগম। তাৎক্ষণিক পরিবারের লোকজন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেলিনার অবস্থার অবনতি দেখে কর্মরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সেলিনাকে মৃত ঘোষণা করেন। সেই সময়ই সেলিনার বোন, বাবা এবং মা হাসপাতালে দায়িত্বরত পুলিশের কাছে অভিযোগ করলে তাৎক্ষণিক স্বামী জসিম উদ্দিনকে আটক করে ফরিদগঞ্জ থানায় অবগত করেন।
জানা গেছে, উপজেলার পৌর এলাকার আজিম বাড়ির আব্দুর রহমানের মেয়ে সেলিনা বেগমের সাথে রূপসা উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গাব্দেরগাঁও ফকির বাড়ির আলী আহম্মদের ছেলে জসিম উদ্দিনের পারিবারিকভাবে বিয়ে হয়। সেলিনা ও জসিমের ঘরে ৫ বছরের একটি ছেলে ও ১৮ মাসের একটি ফুটফুটে মেয়ে রয়েছে।
আত্মহত্যার বিষয়ে ফরিদগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাহিদ হোসেন বলেন, ‘গত মঙ্গলবার সকালে আমার বাড়ির মেয়ে সেলিনাকে ৫০ হাজার টাকার জন্য তার স্বামী বেদম মারধর করে। পরনে থাকা জামা কাপড় খুলে আমাদের বাড়ি পাঠিয়ে দিতে চেয়েছে বলে তারা বাবা আমাকে জানিয়েছেন। লোকলজ্জার ভয়ে সে আত্মহত্যা করতে গিয়েছে বলে সেলিনার বাবা রহমান আমাকে জানিয়েছেন।’
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ‘আত্মহত্যার প্ররোচনায় সেলিনার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। ঢাকা থেকে সেলিনার লাশ এবং অভিযুক্ত স্বামীকে আনার জন্য তদন্তকারী অফিসার এস. আই সেলিমকে পাঠিয়েছি।’
উল্লেখ্য যে, সেলিনার ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ