আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

সেলফি বাসের ধাক্কায় অকালে প্রাণ হারালেন জাবির সাবেক শিক্ষার্থী

জাবি প্রতিনিধি

ঢাকা-আরিচাগামী ‘সেলফি’ পরিবহনের ধাক্কায় অকালে প্রাণ হারিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের ৪০তম ব্যাচের ছাত্র মো. রুবেল পারভেজ।

ওই ঘটনায় প্রাণ হারিয়েছেন মান্নান নামের এক পথচারী। তার বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলায়।

আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ধামরাই থানা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শেষে মার্কেন্টাইল ব্যাংকের হরিরামপুর শাখায় ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে কর্মরত ছিলেন রুবেল। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর থানার ৭ নম্বর উয়ার্শী ইউনিয়নের বন্দ্য কাওয়ালজানী গ্রামে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রুবেলের সহপাঠীরা জানান, আজ সকাল ৮টার দিকে অফিসে যাওয়ার জন্য রুবেল ধামরাই থানা বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন। তখন দ্রুতগামী সেলফি পরিবহনের দুটি বাস প্রতিযোগিতা করছিল। এর মধ্যে একটি বাস রাস্তার পাশ ঘেঁষে চলে যায়। এতে ওই বাসের নিচে চাপা পড়েন রুবেল ও মান্নান। তারা ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদের মরদেহ উদ্ধার করে।

টাঙ্গাইলের বন্দ্য কাওয়ালজানি খাদেম আলী উচ্চ বিদ্যালয় থেকে ২০০৭ সালে মাধ্যমিক ও ধামরাই সরকারি কলেজ থেকে ২০০৯ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন রুবেল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে মার্কেন্টাইল ব্যাংকে কর্মজীবন শুরু করেন। তিনি ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ছিলেন।

ব্যক্তিগত জীবনে লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন রুবেল। বিশ্ববিদ্যালয় জীবনে কালের কণ্ঠ শুভসংঘের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ফুলেশ্বরী ও শিলাতলে পদ্মপাতা নামে তার দুটি প্রকাশিত গ্রন্থ রয়েছে। তিনি স্ত্রী ও দেড় বছরের কন্যাসন্তান রেখে গেছেন। বিকেল ৪টায় জানাজা নামাজ শেষে তাকে টাঙ্গাইলের নিজ গ্রামে সমাহিত করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ