আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

সুপ্রিম কোর্টের আদেশ লঙ্ঘন করে পৌরসভার মার্কেট নির্মাণ

মোঃ হৃদয় হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে সুপ্রিম কোর্টের আদেশ লঙ্ঘন করে পৌরসভার মার্কেট নির্মাণ করার অভিযোগ উঠেছে।

রামগঞ্জ পৌর মেয়র মো. আবুল খায়েরের নেতৃত্বে বিরোধীয় জমিতে নির্মাণ কাজ চলমান রয়েছে।

রবিবার (৩ এপ্রিল) জমির মালিকানা দাবিদার মহসিন হোসেন নামে এক ব্যক্তি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন।

তবে পৌর মেয়র বলছে, সরকারী খাস জমিতে পৌরসভার জন্য এলজিইডির পক্ষ থেকে মার্কেট নির্মাণ করা হচ্ছে।

আয়োজিত সংবাদ সম্মেলনে মহসিন হোসেন অভিযোগ করে বলেন, রামগঞ্জ উপজেলার ৬৫ নম্বর আঙ্গারপাড়া মৌজার ১৭০ নম্বর খতিয়ানের ৭০৫ নম্বর দাগে ৪১ শতাংশ জমির খরিদ সূত্রে আমরা সাতজন মালিক।

১৯৯৭ সালের ১৫ জানুয়ারি জমিটি ক্রয় করা হয়। যার দলিল নম্বর ৩১০। ওই জমিটি এমআরআর জরিপে সরকারের নামে রেকর্ড হলে লক্ষ্মীপুর আদালতে মামলা দায়ের করি। মামলা নম্বর দেঃ ১৭/১৯৯৭।

এতে আমাদের মালিকানার পক্ষে দোতরফা সূত্রে বিজ্ঞ আদালত রায় ও ডিগ্রি প্রদান করে। এর বিরুদ্ধে তৎকালীন জেলা প্রশাসক আপিল করলে আদালত পুনঃ বিবেচনার জন্য ২০১১ সালে নিন্ম আদালতে প্রেরণ করেন।

উক্ত রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে সিভিল রিভিশান দায়ের করলে আদালত আপিলের রায় ডিগ্রি স্থগিত করেন।

মহসিন আরো বলেন, বিবাদীরা আমাদেরকে জমি থেকে দখলচ্যুত করার চেষ্টা করলে আমরা আদালতে আবেদন স্থিতিবস্থার আদেশ দেন। ২০২১ সালের ৫ ডিসেম্বর উচ্চ আদালতে শুনানী শেষে নিষ্পত্তির লক্ষ্যে পুনঃ বিবেচনার জন্য লক্ষ্মীপুর আদালতে প্রেরণ করেন।

এছাড়া ওই জমিতে নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য জেলা প্রশাসনকে বলা হয়। কিন্তু গত ডিসেম্বর থেকে রামগঞ্জ পৌর মেয়র আবুল খায়ের আমাদের ওই জমিতে পৌরসভার জন্য মার্কেট নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।

গত ২৭ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন থাকা মামলার ভূমির উপর স্থিতিবস্থা বজায় রাখার আদেশ দেন। এরপরেও পৌর মেয়র আদেশ অমান্য করে কাজ চালিয়ে যাচ্ছেন।

আমার বাঁধা দেওয়ায় আমাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ফলে আমরা এখন ভয়ে গা-ঢাকা দিয়ে আছি।

আদেশ অমান্য করে কাজ করায় সর্বশেষ গত ২৭ মার্চ আমাদের আইনজীবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রশাসনকে আদালত অবমাননার নোটিশ প্রদান করেন। এতে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে দ্রুত গতিতে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন৷

ফলে বিজ্ঞ আদালতের আদেশ মেনে বিতর্কিত জমির উপর নির্মাণ কাজ বন্ধ রাখার দাবি জানান তিনি।

এ ব্যাপারে অভিযুক্ত পৌর মেয়র আবুল খায়ের বলেন, সরকারী খাস জমিতে এলজিইডি টেন্ডার আহ্বান করে মার্কেট নির্মাণ করতেছে।

এতে আমার সম্পৃক্ততা নেই। জমিতে আদালতের নিষেধাজ্ঞা থাকার বিষয়ে তিনি অবগত নন বলে জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ