সুমন আহমেদ রাহাত,কুবি প্রতিনিধি:
সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের সহযোগিতার জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউট থেকে চার সদস্যের একটি দল চট্টগ্রাম মেডিকেল কলেজে যোগ দিয়েছে।
সিনিয়র রোভারমেট আব্দুর রহমান ও গার্ল ইন সিনিয়র রোভারমেট সুবাহ্ ইয়াসমিন বন্যার নেতৃত্বে আজ (৬ জুন) সকালে দলটি যোগ দেন এ মানবিক সহযোগিতায়।
এ বিষয়ে রোভারমেট আব্দুর রহমান বলেন, রোভার স্কাউট সবসময় মানুষের জন্য কাজ করে, মানুষের সেবায়, দেশের সেবায় নিয়োজিত থাকে। আর সীতাকুণ্ডের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সেবা করার সুযোগ পেয়ে আমার খুব ভাল লাগছে।
কুবি রোভার স্কাউট এর গ্রুপ সম্পাদক মোঃ জিয়া উদ্দিন বলেন, রোভার স্কাউট সবসময় মানুষের সেবায় কাজ করে, জাতীয় দূর্যোগে কাজ করে।
সেই হিসেবে সীতাকুণ্ডের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে একটি দল পাঠানো হয়েছে। ওখানে কর্মরত অন্যান্য সিনিয়র ভলেন্টিয়াররা ওদের যে দ্বায়িত্ব দিবে ওরা তা পালন করবে।