মুন্সীগঞ্জ প্রতিনিধি:
সিরাজদিখান উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনূর্দ্ধ-১৭ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৮ মে বিকাল ৩টায় সরকারি ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম এর সভাপতিত্ত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন। ইছাপুরা ইউপি চেয়ারম্যান আঃ মতিন হাওলাদার, রশুনিয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার, লতব্দী ইউপি চেয়ারম্যান, এস এম সোহরাব হোসেন, বয়রাগাদী ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন গাজী, রাজানগর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন হাদী, সিরাজদিখান প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল প্রমুখ।
উদ্বোধনী খেলায় ইছাপুরা ইউনিয়ন একাদশ বনাম বয়রাগাদী ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করে। ইছাপুরা ইউনিয়ন একাদশ বয়রাগাদী ইউনিয়ন একাদশকে ৩-১ গোলে পরাজিত করে জয়ী হয়। অপর খেলায় লতব্দী ইউনিয়ন একাদশ রাজানগর ইউনিয়ন একাদশকে ১-০ গোলে পরাজিত করে জয়ী হয়।