আমিনুর রহমান, সিংগাইর,মানিকগঞ্জ :
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের ৩ ফসলি জমিতে নির্মিত ৪টি ইটভাটা উচ্ছেদ ও ভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় ক্ষতিগ্রস্থ চাষীদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত কৃষকসহ সাধারণ জনগণ।
উল্লেখ্য যে, ইটভাটার বিষাক্ত গ্যাসে জামির্ত্তা, হাতনি ও চাপড়াইলসহ আশেপাশের কৃষকদের প্রায় ২ শতাধিক জমির পাঁকা-আধাপাঁকা বোরো ধান ঝলসে গেছে।
সোমবার (৩১ মে) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বাস্তা-মানিকনগর সড়কের হাতনি এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে বক্তব্য রাখেন,জামির্ত্তা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মাস্টার, অনলাইন পোর্টাল সময় বাংলার সম্পাদক ইঞ্জি. আবু সায়েম, যুবলীগ নেতা শাহিনুর রহমান (সেন্টু), আলহাজ্ব আবুল কালামসহ প্রমুখ।
এসময় বক্তারা ইটভাটা মালিকদের হুশিয়ারি করে বলেন, আগামী শুক্রবারের আগে কৃষকদের ক্ষতিপূরণ দেয়া না হলে আরো কঠোর কর্মসূচি হাতে নিবেন।
আরো বলেন, বিগত ৪ বছর ধরে ধানের ক্ষতি হয়ে আসছে এবং কৃষকরা ইটভাটা বন্ধের দাবি করলেও মালিকরা প্রভাবশালী হওয়ায় কোন কাজে আসছে না। স্থানীয় প্রশাসনেরও তেমন সহযোগিতা না পাওয়ার অভিযোগ এবং প্রতি বছর ক্ষতি হলেও এর কোন স্থায়ী সমাধান না করায় ক্ষোভ প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
মানববন্ধনে শতাধিক কৃষকসহ এলাকার গণ্যমান্য ও সচেতন সাধারণ মানুষ উপস্থিত ছিলেন ।