আমিনুর রহমান,সিংগাইর মানিকগঞ্জ :
মানিকগঞ্জের সিংগাইরে অভিনব কায়দায় গরুচুরির ঘটনা ঘটেছে। আজ বুধবার (৩০ ডিসেম্বর) ভোর পৌণে ৪টার সময় উপজেলার হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রামের আব্দুস সাত্তারের খামারের ৪ মাসের গর্ভবতী গাভী চুরির ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী এক অটোচালক জানান, আমি অটোতে কাচামাল ভরার সময় লক্ষ্য করি সামনে একটি পিকাপ ভ্যানে গরু তুলছেন। এমন সময় আমি এগিয়ে গিয়ে গরু কোথায় নিয়ে যান জিজ্ঞাসা করতেই একজন আমার দিকে রামদা নিয়ে ধেয়ে আসে। ভয় পেয়ে আমি দৌড়ে গিয়ে লোকজন ডেকে আনতে গেলে পরে এসে দেখি একটি গরু গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যাচ্ছে তারা। দৌড় দিয়েও তাদের আর ধরা যায় নি।
খামারের মালিক আব্দুস সাত্তার জানান, ভোর পৌণে ৪টার সময় লোকজনের চিৎকার-চ্যাচাম্যাচির শব্দ শুনে বাইরে এসে দেখি আমার খামারের ৪টি গরুর মধ্যে একটি গরু নেই। আমার সব গরু নিতেই আসছিলো তারা।
অন্যদিকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সরদারসহ ৩ ডাকাতকে আটক করে সিংগাইর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামানের দু:সাহসিক অভিযান ও চৌকস নেতৃত্বের ফলে গত ২৯ ডিসেম্বর মঙ্গলবার রাত ১২ টার দিকে সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর গ্রাম হতে কুখ্যাত ডাকাত সরদার কুদ্দুস (৪৮) সহ আরো ২ ডাকাতকে গ্রেফতার করেন। অন্য দুজন হল মানিকগঞ্জ সদর থানার বাইরচর গ্রামের আয়নাল (৪০) এবং ওয়াইজনগর গ্রামের আবু বক্কর (৩৫)।
সিংগাইর থানা অফিসার ইনচার্জ জনাব রকিবুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইরের ওয়াইজনগর এলাকায় অভিযান পরিচালনা করে বাঁশ বাগানের গর্তের (বাংকার) ভিতর বসে ডাকাতির প্রস্তুতি গ্রহনকালে ডাকাত সরদার আঃ কুদ্দুস ওরফে কুদ্দুস (৪৮), সহ আরো দুইজন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। ডাকাত কুদ্দুস এর বিরুদ্ধে ঢাকা, মানিকগঞ্জ সহ কিশোরগঞ্জে মোট দশটি মামলা চলমান। এছাড়া সে গরু চোরের সর্দার। আসামীদের নিকট হইতে ডাকাতীর কাজে ব্যবহৃত সরঞ্জামাদী জব্দ করা হয়েছে।
ঘটনা দুটির সাথে কোন যোগসূত্র আছে কি না এ ব্যাপারে কোন কিছু জানা যায় নি।