সাভার প্রতিনিধি :
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে ঘিরে তিন স্তরের নিরাপত্তার চাদরে পুরো এলাকা ঢাকা থাকবে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান রিপন।
বুধবার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে স্মৃতিসৌধ প্রাঙ্গনে পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের তথ্য জানান।
এসপি আসাদুজ্জামান রিপন বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, এই দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসবেন।
এই লক্ষে সাভার স্মৃতিসৌধ এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে আমরা সর্বসাধারণের প্রবেশ আমরা বন্ধ রেখেছি। পাশাপাশি এলাকায় যে জনবসতি আছে তাদের নাগরিকত্ব ফরম দিয়েছি। নতুন কোনো লোকের এলাকায় প্রবেশাধিকার নিষেধাজ্ঞা করা হয়েছে৷
তিনি আরও বলেন, পাশাপাশি আমরা নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গায় ওয়াচ-টাওয়ার দিয়েছি। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে।
আমাদের প্রায় সাড়ে ৩ হাজার পুলিশ সদস্য এই সৌধ এলাকায় নিরাপত্তার দ্বায়িত্বে থাকবে। ইতিমধ্যে আমরা সৌধ এলাকায় নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছি। সাভারের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।