সাভার প্রতিনিধি :
সাভারের আশুলিয়ায় শতাধিক প্রতিবন্ধীর মাঝে ঈদের উপহার দিয়েছে মানবিক দর্পণ ফাউন্ডেশন। সামান্য উপহারেই হাসি ফুটেছে এসব প্রতিবন্ধীর মুখে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে আশুলিয়ার ইউনিকের সালেহা সুপার মার্কেটের মানবিক দর্পণ ফাউন্ডেশনের দর্পণ হলরুমে তাদের এই উপহার তুলে দেওয়া হয়।
উপহার সামগ্রীর মধ্যে ছিল, পোলাও এর চাউল, চিনি, সেমাই, আলু, গুড়ো দুধ, সাবান, সয়াবিন তেল, মুশুরীর ডালসহ নগদ টাকা।
এসব উপহার পেয়ে প্রতিবন্ধী নজরুল বলেন, আমরা প্রতিবন্ধীদের খবর কেউ রাখে না। পরিবারের কাছেও আমরা বোঝা। আমরা বোঝা হয়ে থাকতে চাই না।
আমরা আমাদের সামর্থানুযায়ী কাজ করতে চাই। আজ এই ফাউন্ডেশন আমাদের মাঝে ঈদের খুঁশি পৌছে দিয়েছে।
আমরা তাদের কাছে দাবি জানাই আসাদের যেন সামর্থানুযায়ী কাজের সুযোগ করে দেয়। আমরা সকলেই অনেক খুশি। এরকম আমাদের ভালবাসলে নিজেদের ওপর আত্মবিশ্বাসের সৃষ্টি হয়।
মানবিক দর্পণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সারোয়ার হোসেন বলেন, ঈদের খুশি পৌছে দিতে আমরা সামান্য উদ্যোগ গ্রহণ করেছি। আজ ১০০ প্রতিবন্ধীর হাতে ঈদ উপহার তুলে দিতে পেরেছি। সামান্য উপহার পেয়েই তাদের মুখে যে খুশির ছাপ দেখতে পেয়েছি তা অত্যন্ত মুগ্ধকর। এটার তৃপ্ততা আসলে মুখে বলে প্রকাশ করা যাবে না
তিনি আরও বলেন, আমরা শুধু প্রতিবন্ধীদের মাঝে ঈদের আনন্দ পৌছে দিতে কাজ করছি। এছাড়া অসহায় ও দরিদ্র মানুষের জন্যও আমাদের কাজ চলমান থাকবে। সকলের সহযোগিতায় আমরা সকলের পাশে দাঁড়াতে চাই।
এসময় উপস্থিত ছিলেন দর্পণ ফাউন্ডেশনের উপদেষ্টা ও দ্যা গার্ডিয়ানের বাংলাদেশ প্রতিবেদক (ফ্রিল্যান্স) রেদোয়ান আহমেদ, সাধারণ সম্পাদক শেখ আল মামুন বিপ্লব, রাজু আহমেদ, মাহবুবুল আলম বাচ্চুসহ আরও অনেকে।