নিজস্ব প্রতিবেদক :
সাভার পৌরসভার একটি মাত্র অস্থায়ী হাটের ইজারা নিতে আগ্রহ প্রকাশ করেছেন মাত্র তিনজন। তাও আবার কেউই কাংখিত দর পরিশোধ করতে চাননি। এমতাবস্থায় নতুন করে টেন্ডার আহবান করেছে সাভার পৌরসভা।
বুধবার(০৭ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী শরিফুল ইমাম।
তিনি বলেন, মঙ্গলবার মাত্র তিনটি দরপত্র জমা পড়েছে। দরপত্র মূল্যায়ণ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আবারও দরপত্র আহবান করা হয়েছে। আগামী ১১ জুলাই শিডিউল বিক্রি করা হবে এবং ১২ জুলাই দরপত্র জমা এবং উন্মুক্ত করা হবে।
সাভার পৌরসভাধীন এই অস্থায়ী পশু হাটের সরকারি কাংখিত মূল্য ছিল ৫০ লক্ষ ৮৮ হাজার টাকা এবং দরপত্রের মূল্য ছিল ১০ হাজার ৮০০ টাকা। মঙ্গলবার দরপত্র আহ্বানের সময়সীমা দুপুর ০১ ঘটিকায় শেষ হলে, বক্সের মুখ বন্ধ করা হয়। ওইদিনে বিকাল ০৩ টায় দরপত্রের বাক্সটি খোলা হলে মাত্র ৩ টি দরপত্র পাওয়া যায়। তিনটির মধ্যে সর্বনিন্ম দর দাখিল করেন মোহাম্মদ আলীর ছেলে সামিন হাসান। তার দাখিলকৃত দর হলো ৪ (চার) লক্ষ টাকা। দ্বিতীয় দরদাতা মোঃ আলমগীর হোসেন। তিনি ১৪ লক্ষ টাকা দর দাখিল করেন। সর্বোচ্চ দরদাতা ছিলেন সাভারের নামাগেন্ডা এলাকার মোঃ আব্দুর রহমানের ছেলে মোঃ সাইফুর রহমান সুমন। তার দাখিলকৃত দর হলো ৩০ লক্ষ টাকা।