নিজস্ব প্রতিবেদক:
ঢাকার সাভারে বাসের ধাক্কায় সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকার নিহতের ঘটনায় উপজেলা প্রশাসনের আশ্বাসে মহাসড়কের অবরোধ তুলে নিয়েছে শিক্ষার্থীরা। প্রায় ৪ ঘন্টা ৪৫ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।
সোমবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কটির উভয় লেন অবরোধ করে বিক্ষোভ শুরু করে দুপুর ২ টা ৪৫ মিনিটে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। অবরোধ তুলে নিলে মহাসড়কটি দিয়ে যান চলাচল শুরু হয়েছে।
এর আগে গতকালও বাসের চালক ও সহযোগীকে গ্রেপ্তার ও সর্বোচ্চ বিচারের দাবিতে মহাসড়কটি ১ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, গত শনিবার ভোরে সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকারকে ঠিকানা পরিবহনের একটি বাস ধাক্কা দেয়।
এসময় ঘটনাস্থলেই প্রত্যয় মারা যায়। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তেমন কোন উদ্যোগ দেখা যায় নি। পরবর্তীতে গতকাল ঠিকানা পরিবহনের ওই বাসের চালক ও সহযোগীকে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। আজ সকাল ১১ টা পর্যন্ত কোন ধরনের সমাধান না হওয়ায় আজও সড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। পরে উপজেলা প্রশাসন সাভার মডেল থানা পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনা হয়।
সেই আলোচনায় আগামী রবিবারের মধ্যে বাস মালিক, উপজেলা প্রশাসন ও শিক্ষার্থীদের বৈঠকের তারিখ নির্ধারন করা হয়। একই সাথে ওই বাসের চালক ও সহযোগীকে ২ দিনের মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়। এর ফলশ্রুতিতে আজ অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, গতকালের মত একই দাবিতে শিক্ষার্থীরা আজ বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে শিক্ষার্থীরা সড়কটি অবরোধ করে।
পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে বিকেল ৪ টা ৪৫ মিনিটে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। মহাসঢ়কে যান চলাচল শুরু হয়েছে।