আল মামুন খান:
ঢাকার সাভারে ২০০টি ইয়াবা ট্যাবলেটসহ খাদিজা (৩৮) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল সোমবার (৫ অক্টোবর) দুপুরে সাভার মডেল থানার জামসিং এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ এ তথ্য জানিয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার খাদিজার কাছ থেকে উদ্ধার করা ২০০টি ইয়াবার ওজন ২০ গ্রাম। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। পুলিশের দাবি, খাদিজা একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
খাদিজার বাড়ি যশোরের শার্শা উপজেলার রাড়ী পুকুরিয়া এলাকায়। তিনি বর্তমানে সাভারের উত্তর জামসিং এলাকার মামুনের বাড়িতে বসবাস করছিলেন।
ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এবং উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাৎ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।
পুলিশ জানায়, খাদিজার বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।