আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

সাভার প্রতিনিধি :

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের আলাদা সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে মহাসড়কের আমিনবাজার ভাঙ্গা ব্রীজ ও হেমায়েতপুরের জামাল ক্লিনিকের সামনে আলাদা এই দুর্ঘটনা ঘটে।

আমিনবাজার এলাকায় নিহত অটোরিকশা চালক মামুন শেখ (২৫) পাবনা জেলার চাটমোহর থানার মনছুরাপুর গ্রামের মো. আলতাফের ছেলে। তবে নিহত অপরজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, গতকাল রাত ৩ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ভাঙ্গা ব্রীজ এলাকায় আরিচাগামী লেনে অটোরিকশা চালক মামুন শেখকে অজ্ঞাত পরিবহন চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। অপরদিকে একই মহাসড়কের হেমায়েতপুরের জামাল ক্লিনিকের সামনে ভোরে আরিচাগামী লেনে অজ্ঞাত পরিবহনের চাপায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়৷

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হাসান বলেন, রাতে হেমায়েতপুর ও আমিনবাজারে এলাকায় আলাদা দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন রিকশাচালক মামুন।

তবে অপরজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি বলে জেনেছি। তার পরিচয় এখনও পাওয়া যায়নি। মরদেহ দুটি রাতেই উদ্ধার করে থানায় আনা হয়েছে। অটোরিকশাচালক মামুন শেখের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মানসিক ভারসাম্যহীন ব্যক্তির পরিচয় জানতে পিবিআই এর সহয়তা নেওয়া হচ্ছে। ঘাতক পরিবহন গুলোও চিহ্নিত করার করার চেষ্টা চলছে৷

অন্য দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লীবিদুৎ এলাকায় প্রাইভেটকার চাপায় শুনিল চন্দ্র দাশ (২৬) নামের একটি অটোরিকশা চালক গুরুতর আহত হয়ে মুমূর্ষ অবস্থায় হাবিব ক্লিনিকে ভর্তি রয়েছে৷ এ ঘটনায় প্রাইভেটকারটি আটক করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ