সাভার প্রতিনিধি :
ঢাকার সাভারে এক ইউনিয়ন যুবলীগ নেতার আত্মীয়ের বাড়ি থেকে আত্মগোপনে থাকা নজরুল ইসলাম (৪৫) নামে এক বিএনপি নেতাকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।
বুধবার (২৯ নভেম্বর) বিকেলে সাভারের বনগাঁ ইউনিয়নের বলিয়ারপুর এলাকার স্থানীয় মো. আউয়ালের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। মো. আউয়াল বনগাঁ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মামুনের ভায়রাভাই।
আটক নজরুল ইসলাম রাজধানীর পল্লবী থানা ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান বলেন, ‘নজরুল ইসলাম বেশ কিছুদিন ধরে বলিয়ারপুরে স্থানীয় যুবলীগের এক নেতার আত্মীয়ের বাসায় আত্মগোপন করে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে তাঁকে সেই বাসা থেকে আটক করে সাভার থানায় আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে নাশকতাসহ ২৫ টি মামলা রয়েছে।’
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘বিএনপি নেতা নজরুল ইসলামকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’