সাভার প্রতিনিধি:
শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা”—এই স্লোগানকে সামনে রেখে সাভারে অনুষ্ঠিত হলো রাজারবাগ মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ২০২৫।
সোমবার বিকেলে কমলাপুরের সেন্ট ফ্রান্সিস জেভিয়ার প্রাথমিক বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
ফাইনালে দেওগাঁও অগ্নিবীনা স্পোর্টিং ক্লাবকে ২–০ গোলে হারিয়ে রাজাশন এক ঝাঁক পায়রা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় শুরু থেকে প্রভাব বিস্তার করে রাজাশন এক ঝাঁক পায়রা দল নির্ধারিত সময়েই দুই গোল করে জয় নিশ্চিত করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপি’র সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক,সাবেক সংসদ সদস্য ও ঢাকা-১৯ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
ফাইনাল খেলায় বিরুলিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ শাহীনুর রহমান শাহীনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোহাম্মাদ আমীর শিরালী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপ’র সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সদস্য সচিব বিরুলিয়া ইউনিয়ন বিএনপি মোঃ আনোয়ার হোসেন, বিরুলিয়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোঃ মনিরুল হক,বিরুলিয়া ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ এবং বিরুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ আলমগীর হোসেন।
খেলা শেষে বিজয়ী দলকে ৩৫ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ১৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
এ আয়োজনে স্থানীয় এলাকাবাসীর ব্যাপক অংশগ্রহণে মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলাধুলায় তরুণ সমাজকে সম্পৃক্ত করার এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন আয়োজকেরা।