নিজস্ব প্রতিবেদক :
সাভারে পুলিশের গোয়েন্দা শাখার সদস্য পরিচয়ে এক ফল ব্যবসায়ীর কাছে ৩০ হাজার টাকা দাবি করে এক প্রতারক। আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয় জনতা।
বৃহস্পতিবার(১২ আগস্ট) তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের(ডিবি) ঢাকা জেলা উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ ইয়াসিন মুন্সী।
এর আগে বুধবার বিকেলে সাভার বাসস্ট্যান্ড এলাকার ফলের আড়তে ফল ব্যবসায়ী কামালের সাথে ডিবি সদস্য পরিচয়ে প্রতারণার চেষ্টা চালায় বরিশালের আগৈলঝড়া এলাকার মনির(৩৫)। সন্দেহজনক আচরণ হলে ডিবিকে খবর দেয় উপস্থিত জনতা। এরপরে আসল ডিবি এসে ভুয়া ডিবিকে হেফাজতে নেয়।
ডিবি ওসি ইয়াসিন মুন্সী বলেন, ভুক্তভোগী কামালের অভিযোগের ভিত্তিতে প্রতারক মনিরের বিরুদ্ধে ১৭০, ৩৮৫ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। সে পুলিশের মত চুলের কাটিং দিয়ে নিজেকে ডিবি পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে বেড়াত।