সাভার প্রতিনিধি :
সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে এপিবিএন পুলিশ। ঘটনার পর দীর্ঘ ১২ বছর তিনি পলাতক ছিলেন।
গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম ওরফে রাফি (৪০) কুষ্টিয়া মডেল থানার ডাকাতির মামলার দণ্ডপ্রাপ্ত আসামি। আসামিকে আশুলিয়ায় থানা হস্তান্তর করেছে এপিবিএন।
বুধবার (১ ফেব্রুয়ারি) ভোরে কুষ্টিয়া মডেল থানার পুলিশের একটি দল আশুলিয়া থানা থেকে আসামি রাফিকে নিয়ে যায়। এর আগে মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে আশুলিয়ার বাইপাইলের একটি পাম্প এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রফিকুল ইসলাম কুষ্টিয়া জেলার মিরপুর থানার রানা কোরিয়া গ্রামের মতিয়ার মিয়া ছেলে।
জানা যায়, পলাতক রাফি পরিচয় গোপন করে দীর্ঘ দিন ধরে আশুলিয়ার বাইপাইলে বাসের টিকিট কাউন্টারে কাজ করে আসছিলেন।
এব্যাপারে, ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-পরিদর্শক (এসআই) দীপক চন্দ্র পাল জানান, ২০১১ সালের কুষ্টিয়া মডেল থানার জিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি রাফি।
গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির মাধ্যমে তাকে শনাক্ত করা হয়। পরে আশুলিয়ার এপিবিএন পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
কুষ্টিয়া মডেল থানা সূত্রে জানা যায়, ২০১১ সালে ডাকাতি মামলার ঘটনায় আদালত রাফি বিরুদ্ধে তিন বছরের সাজা দেন। ডাকাতির ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।