নিজস্ব প্রতিবেদক :
সাভারের একটি বট গাছ থেকে দুই ঘন্টা চেষ্টায় আমেনা বেগম (৫০) নামের এক নারীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বট গাছটি বেয়ে প্রায় ৫০ ফুট উচুতে উঠেছিলেন ওই নারী।
রোববার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভারের নামাবাজার এলাকার পঞ্চবটি আশ্রমের একটি বট গাছ থেকে তাকে উদ্ধার করা হয়। বিকেল সাড়ে ৪ টার দিকে ওই গাছে ওঠেন আমেনা বেগম।
আমেনা বেগম ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার কাশিচরচরণ গ্রামের বাসিন্দা। তিনি মানষিক ভারসাম্যহীন বলে জানা গেছে। তার স্বামী রশিদ মিয়া অনেক আগেই মারা যান।
আমেনা বেগমের ছেলে মঞ্জিল বলেন, তার মা মানুষিক ভারসাম্যহীন। তিনি মাঝে মধ্যেই বিভিন্ন গাছে ওঠেন। এর আগেও বেশ কয়েকবার তিনি গাছে উঠেছেন। কিন্তু এতো উচ্চতার গাছে তিনি আগে কখনও ওঠেন নি।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, সন্ধ্যায় ওই গাছে ওঠেন আমেনা বেগম। খবর পেয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টায় তাকে গাছ থেকে নামানো হয়। তবে তিনি মানুষিক রোগী বলে জানিয়েছে তার ছেলে।