নিজস্ব প্রতিবেদক :
সাভার নিউ মার্কেট সংলগ্ন গুরুত্বপূর্ণ ফুটওভারব্রিজের মেরামত কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরেই এ ব্রিজের বেহাল দশায় দূর্ঘটনার আশংকা প্রকাশ করে আসছিল ভুক্তভোগীরা। এর আগে দৈনিক আগামীর সংবাদের পক্ষ থেকে এই ব্রিজ নিয়ে সংবাদ পরিবেশন করা হয়। রোববার(০১ আগস্ট) সরেজমিনে সাভার বাসস্ট্যান্ড এলাকার নতুন ওভারব্রীজে মেরামত কাজ চোখে পড়ে।
ওভারব্রিজের মেরামত কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ব্যবহারকারীরা। সাভার নিবাসী উজ্জল হোসাইন বলেন, ব্রিজটার অনেক দিন ধরেই খারাপ অবস্থা। যেকোন সময় ভেঙ্গে পড়ে দূর্ঘটনা ঘটতে পারতো। সিড়ির ধাপ কয়েকটা একেবারেই ভেঙ্গে গিয়েছিল। তারপরেও এই ব্রিজ দিয়ে প্রতিদিন প্রায় লাখো মানুষ যাতায়াত করেন। নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হলে এই ওভারব্রীজের এত বেহাল দশা হতনা। এখন দ্রুত যেন কাজ শেষ হয় সেই কামনাই করি।
জানা যায়, ৪ বছর আগে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ড এলাকায় এই ফুট ওভারব্রিজ নির্মাণ করে সওজ। এরপরে আর তেমন কোন মেরামত কাজ চোখে পড়েনি। গত কয়েক দিন আগে আগামীর সংবাদে ফুটওভার ব্রিজের বেহাল অবস্থার প্রতিবেদন প্রকাশ করলে নড়েচড়ে বসে সড়ক ও ব্রিজ রক্ষণাবেক্ষণ শাখার প্রকৌশলীরা। তারপরই দ্রুত সময়ের মধ্য ফুটওভার ব্রিজের মেরামত করার নির্দেশ দেওয়া হয়।
মেরামতের দায়িত্ব পাওয়া ঠিকাদার মোঃ মিন্টু বলেন, আমরা এখনো কোন বাজেট বা বরাদ্দ পাইনি। এসডি স্যার(সওজ ঢাকার উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মারুফ হাসান) বলছেন তাই কাজ শুরু করেছি। এই ব্রিজের ভেঙ্গে যাওয়া সিড়ির পাটাতনগুলো পরিবর্তন করতে হবে, এছাড়া ব্রীজের ওপরের ভাঙ্গা প্লেটগুলো পরিবর্তনের কাজ শুরু করেছি। কাজ শেষ করতে ১০ থেকে ১৫ দিন সময় লাগবে। এ মেরামত কাজ শেষ করতে প্রায় ১০ লাখ টাকা খরচ হবে। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় ইমার্জেন্সী কাজ শুরু করা হয়েছে। মেরামত শেষ হলেই জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে বলেও জানা যায়।