আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে পুলিশের ইউনিফরম পড়ে ডাকাতি করতো তারা

নিজস্ব প্রতিবেদক :

সাভারে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের পোশাক পরিহিত ভুয়া পুলিশসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। এসময় আগ্নেয়াস্ত্র ও মাদকসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়।

শুক্রবার (২৯ অক্টোবর) দুপুর ১ টার দিকে এসব তথ্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন সিপিসি-২, র‌্যাব ৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান।

এর আগে গত ২৮ অক্টোবর বিকেল ৪ টা থেকে রাত ৩ টা পর্যন্ত সাভার মডেল থানাধীন পশ্চিম রাজাশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রাজশাহী জেলার মোঃ শামীম রেজা (৩০), ঢাকা জেলার মোঃ হেলাল উদ্দিন (৩৫), পটুয়াখালি জেলার মোঃ পারভেজ (২৫), ঢাকা জেলার ওয়াসিম ইসলাম (২৫), মোঃ নাইম খান (২৭) ও মোঃ ফেরদৌস আহমেদ রাজু (২৯)। তারা সবাই পুলিশ পরিচয়ে সাভার ও এর আশেপাশের এলাকায় ডাকাতি করে আসছিল।

র‌্যাব জানায়, সাভারের রাজাশন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের ইউনিফরম পরিহিত ভুয়া পুলিশসহ ৬ ডাকাতকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১ টি পিস্তল, ১ রাউন্ড গুলি, ১ টি নকল পিস্তল, ১ টি পিস্তল টাইপ লাইটার, ১ টি কভারসহ হ্যান্ডকাফ, ১ টি ওয়াকিটকি, ২ সেট পুলিশ ইউনিফর্ম, পুলিশ জ্যাকেট, পুলিশ বেল্ট, ভূয়া পুলিশ আইডি কার্ড, ২ টি রামদা, ১ টি ডেগার, ১ টি চাপাতি, ২ টি ছুড়ি, ২ টি টর্চলাইট, ২ টি রশি, ৪৬৭ পিস ইয়াবা, ৩০ বোতল ফেন্সিডিল, ১.৫ কেজি গাঁজা, ৭ গ্রাম হেরোইন, ৫ লিটার চোলাই মদ, ১৯ টি মোবাইল এবং নগদ ৪৪,৫৭০ উদ্ধার করা হয়। এদের মধ্যে সর্দার হলেন শামীম রেজা।

সিপিসি-২, র‌্যাব ৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান জানান, ডাকাত সর্দার শামীম রেজা কিশোর বয়স থেকেই অপরাধ কার্যক্রমের সাথে জড়িত। ২০০৫ সালে ঢাকায় এসে মাদকাসক্ত হয়ে মাদক কারবারিদের সাথে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে সে।

পরবর্তীতে তার নেতৃত্বে একটি ডাকাত বাহিনী গড়ে তুলে। সংঘবদ্ধ ডাকাত চক্রটি রাতের আধারে পুলিশের ভুয়া ইউনিফর্ম পরিহিত অবস্থায় টর্চ লাইট দিয়ে গাড়ি থামিয়ে টাকা-পয়সা, স্বর্ণ-অলংকার, মোবাইল এবং দামি জিনিসপত্র তার বাহিনীর সদস্যদেরকে নিয়ে লুটপাট করত। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, শামীম রেজা পুলিশ বাহিনীর একজন সাব-ইন্সপেক্টর পরিচয় দিয়ে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, নকল আগ্নেয়াস্ত্র, নকল আইডি কার্ড, ইউনিফর্ম, ওয়াকি টকি সেট ব্যবহার করে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছিল।

সে বিভিন্ন সময়ে ভূয়া পুলিশ অফিসার সেজে তার গুন্ডা বাহিনী দিয়ে সাধারণ মানুষকে মিথ্যা ও বানোয়াট ভাবে ফাঁসানোর ভয় দেখিয়ে চাঁদাবাজি করত বলেও স্বীকার করেছে। আটক সকলের বিরুদ্ধে সাভারসহ বিভিন্ন থানায় চাঁদাবাজি, মাদকসহ একাধিক মামলা রয়েছে। ডাকাত সর্দার শামীম রেজা সাভারে গড়ে তোলে ডাকাত বাহিনী এবং পুলিশ পরিচয়ে বিভিন্ন জায়গায় ডাকাতি করে বেড়াত।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ