সাভার প্রতিনিধি :
তথ্যই শক্তিঃ জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ প্রতিপাদ্য নিয়ে ঢাকার সাভারে দুই দিন ব্যাপী তথ্য মেলা-২০২৩ এর শুভ উদ্বোধন হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) সকালে সাভার উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন হয়।
সাভার উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সচেতন নাগরিক কমিটি (সনাক) সাভার ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করে।
সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
অনুষ্ঠানের প্রধান অতিথি জানান, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত হলে কর্তৃপক্ষ ও জনগণের মধ্যে সেতু বন্ধন স্থাপন হবে এবং জনঅংশগ্রহণ বাড়াবে।
তথ্যের অবাধ প্রবাহ ছাড়া দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়। তাই তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা এখন সময়ের দাবি।
এই তথ্য মেলায় সাভার উপজেলার সরকারি ও বিভিন্ন বেসরকারি দপ্তর সাধারণ মানুষকে বিনামূল্যে তথ্য ও পরামর্শ সেবা প্রদান করে।
মেলায় তথ্য প্রাপ্তির আবেদন ফরম পুরণ ও সরাসরি তথ্য প্রাপ্তিতে সাধারণ মানুষকে সহায়তা করে সনাকের ইয়েস সদস্যরা। এছাড়া দুর্নীতিবিরোধী চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) সাভার, আশুলিয়া এবং আমিনবাজার রাজস্ব সার্কেল সহ বিভিন্ন সরকারি দপ্তর মেলায় তথ্য সেবা প্রদান করে।