সাভার প্রতিনিধি :
ঢাকার সাভারে ট্রাকচাপায় বিপিএটিসি স্কুল এন্ড কলেজের রাকিবুল ইসলাম রাকিব নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে বিশমাইল-জিরাবো শাখা সড়কের বিশমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিবুল ইসলাম রাকিব আশুলিয়ার ভাদাইল এলাকার হাজী ওমর আলী স্কুলের পাশে পরিবারের সাথে বসবাস করতেন।
নিহতের সহপাঠী আসিফ আমির বলেন, বিকেলে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলো বন্ধু রাকিব। এসময় বিশমাইল এলাকায় পৌছলে পেছন থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক রাকিবের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় রাকিবের। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হোসেন বলেন, বিশমাইল-জিরাবো শাখা সড়কে ট্রাকচাপায় এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে আশুলিয়া থানা পুলিশ। তবে দুর্ঘটনার এলাকা শাখা সড়ক হওয়ায় এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।