নিজস্ব প্রতিবেদক :
সাভারের আশুলিয়ায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাভার উপজেলা জাতীয়পার্টির সভাপতির বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৪০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে চোরের দল।
বুধবার (১৮ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে আশুলিয়া ইউনিয়নের শেরআলী মার্কেট সংলগ্ন ধলপুর এলাকার সাভার উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম আজাদের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।

আবুল কালাম আজাদের ছেলে আবুল হাসনাত আজাদ বলেন, গতরাতে সবাই ঘুমিয়ে পরলে ১০ থেকে ১২ জনের একদল চোর বাড়িতে প্রেবেশ করে। এসময় বাবার ঘরের দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে। ঘরের আলমারিতে থাকা প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে তিনলাখ টাকা লুট করে পালিয়ে যায়। এঘটনায় থানায় খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, চুরির ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা।