সাভার প্রতিনিধি :
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঢাকার সাভারে মো. মোবারক হোসেন (৩৩) নামে এক হোটেল ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলার সময় মোবারকের পরিবারের সদস্যরা ঠেকাতে এলে তদেরকেও বেধড়ক মারপিট করে হামলাকারীরা। তবে অভিযুক্তদের দাবী তারাও মারধরের শিকার।
ঘটনাটি ঘটেছে উপজেলার আমিনবাজার ইউনিয়নের চন্দ্রনারায়নপুর গ্রামে। এ ঘটনায় সাত জনের নাম উল্লেখ্য করে সাভার মডেল থানায় অভিযোগ করেছেন ভূক্তভোগী ওই ব্যবসায়ী।
অভিযুক্তরা হলেন, আহম্মদ (৪০) পিতা-মৃত হবি মোল্লা, ইমন হোসেন (২২) পিতা-আহম্মদ, মো. আজাদ হোসেন (৩৫), রিয়াজ উদ্দিন (৩৩) উভয় পিতা-মৃত হাসেম আলী, পারভীন আক্তার স্বামী- আহম্মদ। পান্না (৩৩) পিতা-মৃত হাসেম আলী এবং রেহানা বেগম (৬০) স্বামী- মৃত হাসেম আলী। সর্ব সাং-চন্দ্রনারায়নপুর, থানা,সাভার, জেলা-ঢাকা।
অভিযোগ সূত্রে জানা যায়, আসামীদের সাথে দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে শত্রুতা চলছিলো,শত্রুতার এক পর্যায় গত (১৫ জুলাই) সকালের দিকে বিবাদীগন পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভুক্তভোগী মোবারক হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও হামলা চালিয়ে মারধর করতে থাকে। এক পর্যায় মোবারকের পিতা রমজান আলী ও মাতা ফিরোজা বেগম এগিয়ে আসলে তাদের কে ও মারধর করে। পরে তাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে বিবাদীগন তাদের প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। মোবারকের মায়ের আংগুল ভেঙে যায় হামলায়।
এ বিষয়ে অভিযুক্ত মো. আজাদ হোসেন বলেন ওই জমিটি আমরা মোবারকের মা ফিরোজার ফুফুর কাছ থেকে ক্রয় করেছি তিনি জায়গাটির ওয়ারিশ সুত্রে মালিক। কিন্তু সেটি ফিরোজার দখলে রয়েছে। পরে আমরা যখন জমিটি বুঝে নিতে যাই তখন তারা আমাদের বাধা প্রদান এবং দুটি মামলাও করে। পরবর্তীতে আদালত সেই জমিটির উপর স্থিতিতাদেশ দেয় এবং সেখানে কোনরূপ নির্মাণ কর্মকাণ্ড বেআইনী কিন্তু হঠাৎ তারা সেখানে টিন এনে মিস্ত্রী দিয়ে নির্মাণকাজ করতে চাইলে আমরা সেখানে বাঁধা দিতে যাই তখন তারা আমাদের উপর হামলা চালিয়ে আমাদের মারধর করে।
এ বিষয়ে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) হারুন অর রশীদ বলেন, বিষয়টি নিয়ে কথা বলতে আগামীকাল উভয় পক্ষকে ফাঁড়িতে ডাকা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।