নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৪ এর অভিযানে সাভারের চাঞ্চল্যকর রোহান হত্যা মামলা ও পুলিশের উপর হামলাকারী এজাহার নামীয় ৩ আসামী রাকিবুল ইসলাম রকিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ৪ এর এএসপি জিয়াউর রহমান চৌধুরী। এর আগে ১৫ মার্চ রাত ১০ টা থেকে ১৬ মার্চ সকাল সাড়ে ৮ টা পর্যন্ত অভিযান চালিয়ে সাভারের মজিদপুর ও মানিকগঞ্জ সদর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মানিকগঞ্জ জেলার মোঃ রাকিব হোসেন রাকিবুল ওরফে রকি (২৫), সে চাঞ্চল্যকর রোহান হত্যা মামলার ৪ নম্বর আসামি। সাভারের মোঃ রুবেল আহমেদ(২৯) ও কুষ্টিয়া জেলার মোঃ আমিরুল ইসলাম ওরফে আমির (৩০)। তারা দুই জনই আসামি ছিনিয়ে নেওয়ার সাথে জড়িত ছিল।
র্যাব জানায়, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় আলোচিত সাভারের ব্যাংক কলোনী এলাকায় রোহানুল ইসলাম ওরফে রোহান(১৮) হত্যা মামলার ঘটনা প্রচার হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়। এ ব্যাপারে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু হলে স্থানীয় থানা পুলিশের পাশাপাশি র্যাব-৪ এর একটি বিশেষ গোয়েন্দা টিম ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ১৫ মার্চ রাত থেকে ১৬ মার্চ সকাল সাড়ে ৮ টা পর্যন্ত অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ রাকিব হোসেন রাকিবুল ওরফে রকি রোহান হত্যাকান্ডের সাথে জড়িত বলে স্বীকারোক্তি প্রদান করে। অপর আসামি মোঃ রুবেল আহমেদ এবং মোঃ আমিরুল ইসলাম ওরফে আমির পুলিশের সরকারী কাজে বাধা প্রদান করে আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনার সাথে জড়িত থাকার কথাও স্বীকার করে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
র্যাব ৪ এর এএসপি জিয়াউর রহমান চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামীদের সাভার থানায় হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতে এরুপ সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে র্যাব-৪ এর সাঁড়াসি অভিযান অব্যাহত থাকবে।
সাভার মডেল থানার উপপরিদর্শক তাহমুদুল ইসলাম বলেন আসামীদের ঢাকার আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে।