নিজস্ব প্রতিবেদক :
সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে। ‘‘সব বয়সের জন্য প্রযুক্তির সম-অধিকার’’ এই প্রতিপাদ্যকে ধারন করে দিবসটি উপলক্ষে প্রবীণদেরকে নিয়ে র্যালী, আলোচনাসভা, খেলাধুলা, স্বাস্থ্য পরিক্ষাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।

সকালে শতাধিক নারী ও পুরুষ প্রবীণদের গণস্বাস্থ্য কেন্দ্র থেকে একটি বাসে করে জাতীয় স্মৃতিসৌধে নিয়ে যাওয়া হয়। তবে স্মৃতিসৌধে দর্ষনার্থীদের প্রবেশ বন্ধ থাকায় প্রবীণরা ভিতরে প্রবেশ করতে পারেনি। এসময় তারা মূল ফটকে অবস্থান নেন এবং ঢাকা-আরিচা মহাসড়কে একটি বর্নাঢ্য র্যালীতে অংশগ্রহন করেন।
পরে তাদের জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের সুচনা ভবনের হলরুমে চা চক্রের পাশাপশি বিনোদনের ব্যবস্থা করা হয়।
পরবর্তীতে প্রবীণদের অংশগ্রহনে দৌড় প্রতিযোগিতা, ঝুড়িতে বল নিক্ষেপ, হাড়িভাঙ্গা, চেয়ার খেলা, রশি টানাটানিসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।
সবশেষে প্রবীনদের নিয়ে আয়োজিত আলোচনাসভায় সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
আলোচনা সভায় গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ লায়লা পারভীন বানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শিবলীজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণস্বাস্থ্য হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আবু তাহের, সহকারী পরিচালক ডাঃ মাহজেবীন চৌধুরী, সিনিয়র অর্থ ব্যবস্থাপক শেখ মোঃ কবির।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শিবলীজ্জামান বলেন, ১৯৯৬ সালে সালে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বয়স্কদের জন্য ভাতার ব্যবস্থা করেন।
বর্তমানে প্রায় ৬০ লক্ষ লোক এই সেবার আওতায় রয়েছে। এছাড়া ভবিষ্যতে এই ভাতার পরিমান আরও বাড়বে বলে আশা ব্যক্ত করেন তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের তিনশ টাকা করে প্রদান করা ভাতা বেড়ে এখন বিশ হাজার হয়েছে।
তিনি আরও বলেন, ২০৫০ সালে প্রবীণের সংখ্যা বৃদ্ধি পাবে এবং নবীণের সংখ্যা কমে যাবে। আজকে আমি নবীন, দশ বছর পর আমিও প্রবীণের কাতারে চলে যাবো। আমরা বৃদ্ধাশ্রম চাইনা কারন সেখানে যে কষ্ট তা না গেলে বুঝা যায়না। প্রবীণরা চায় ভালোবাসা এবং সন্তানদের সান্নিধ্য। সেই লক্ষ নিয়েই সরকার কাজ করে যাচ্ছে।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডাঃ মনজুর কাদির বলেন, প্রবীণরা ইতিহাসের স্বাক্ষী ও ভবিষ্যৎ প্রজন্মের পথ প্রদর্শক। তাদেরকে সুস্থ্য-সবল ও কর্মমূখী রাখার জন্য জনসচেতনতা সৃষ্টিই গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান উদ্দেশ্যে। প্রবীণদের জন্য অনেক কিছুই করনীয় আছে, এটা যুব সমাজকে বুঝানোর জন্যই প্রবীণ দিবসে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এজন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
গণস্বাস্থ্য কেন্দ্র, বেলজিয়াম ভিত্তিক এনজিও ওই সোশ্যাল মুভমেন্ট এবং ওকরা এর সহযোগীতায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিউটি রানী সাহা, ডাঃ মাহবুব জোবায়ের সোহাগ, গোলাপ হোসেন, তৈমুছ আলি, কল্পনা, ফরিদা, ফারহানা, শাহনাজ প্রমুখ।