আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে উচ্ছেদ করা হকারদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু

সাভার প্রতিনিধি :

সাভারের মহাসড়কের ফুটপাত থেকে উচ্ছেদ করা হকারদের পুনর্বাসন কার্যক্রম শুরু করেছেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে সাভার উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভা শেষে এমন ঘোষণা দেন এমপি মুহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া
সাভার বাজার স্ট্যান্ডের আশেপাশে হকারদের জন্য জমি নির্বাচন, সেই জমির কাগজপত্র যাচাই, সরকারি বিধিনিষেধ পর্যবেক্ষণসহ ইতিমধ্যেই বেশকিছু প্রক্রিয়া শুরু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এর আগে গত ১০ জানুয়ারি থেকে সাভারের মহাসড়কের পাশের ফুটপাতে বসা হকারদের উচ্ছেদ করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, গত ১২ জানুয়ারি জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশের ফুটপাত ব্যবসায়ীদের সরে যেতে বলেন প্রশাসন। এরপরে তাদের আর বসতে দেওয়া হয় নি। যারা মহাসড়কের পাশের ফুটপাত দখল করে এখনও রয়েছেন তাদেরও উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড, নবীনগর, হেমায়েতপুর ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লীবিদ্যুৎ, ইপিজেড, বলিভদ্রবাজার, শ্রীপুরসহ বেশ কয়েকটি স্থানের ফুটপাতের ব্যবসায়ী ও হকারদের সরিয়ে দেয়া হয়। তবে আজ (১৮ জানুয়ারি) হকারদের পুনর্বাসের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা চত্তরে যান সাভার হকার্সলীগের নেতাকর্মীরা। এসময় এমপি মুহাম্মদ সাইফুল ইসলাম হকারদের পুনর্বাসনের বিষয়টি স্পষ্ট করেন।

ঢাকা-১৯ আসনের (সাভার-আশুলিয়া) সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম উচ্ছেদ করা হকারদের উদ্দেশ্যে বলেন, আমরা জানি আপনারা এই ব্যবসা দিয়ে আপনাদের পরিবার চালান। আপনাদের নিয়ে আমরা চিন্তিত। আমরা জানি এই আয়ের টাকা দিয়ে আপনারা আপনাদের সন্তানের লেখাপড়ার খরচ চালান। এটাই আপনাদের আয়ের উৎস। তবে এই মহাসড়ক দিয়ে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। এতো মানুষের সমস্যা করে আপনাদের এইখানে সরকার রাখবেনা। সরকারি সিদ্ধান্তেই আপনাদের সরানো হয়েছে। তবে আমরা অতিসত্ত্বর সাভার বাজার স্ট্যান্ডের আশেপাশে আপনারা ব্যবসা যাতে তাড়াতাড়ি শুরু করতে পারেন সেই চেষ্টা করছি। আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে আপনাদের পুনর্বাসনের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আপনারা নিশ্চিত থাকতে পারেন।

এর আগে নির্বাচিত হয়েই সাভারের বিভিন্ন স্থানে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশনায় চাঁদা না দেওয়ার জন্য মাইকিং করা হয়। ফুটপাত ব্যবসায়ী কিংবা কোথাও কোন রকম চাঁদা দাবি করলে জরুরি সেবা ৯৯৯ এ কল করে জানাতে বলা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস ওয়াহিদ, সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) আকবর আলীসহ আরও অনেকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ