নিজস্ব প্রতিবেদক :
ঢাকার সাভারে রাতারাতি মন্দির বসিয়ে আদিবাসী পরিচয়ে জমি দখলের অভিযোগ উঠেছে সাভার আদিবাসী সমিতির বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সাভারের কাতলাপুর কর্ণপাড়া এলাকার যৌথ মালিকানায় লিজ নেওয়া সরকারি এই জমি দখলের অভিযোগ পাওয়া যায়।

খোঁজ নিয়ে জানা যায়, সাভার উপজেলার শেরপুর মৌজার (কাতলাপুর) এসএ/আরএস নং ৩৪, এস/আরএস ২২/২৩ দাগের জমিটি ১৯৬৮ সালে ১১১ ভিপি কেস মুলে ইজারা নেন কালু মিয়া নামের এক ব্যক্তি। পরবর্তীতে তিনি মারা গেলে তার ছেলে কালামসহ তিন ভাই আব্দুল মতিন ও খোরশেদ আলমের নামে লিজ হয়। পরবর্তীতে তারা মারা গেলে ৯ জনের নামে বাটোয়ারা হয় মোট ৫৩ শতাংশ জমি। এখনও তাদের নামেই লিজ রয়েছে। প্রতিবছরে খাজনা খারিজ পরিশোধ করে আসছেন তারা। তবে করোনা কালে গত বছর খাজনা দিতে না পারলেও গত ১১ জুলাই তিন বছর মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেন তারা। এরই মাঝে সাভার আদিবাসী কল্যান সমিতি ওই জায়গা নতুন করে লিজের জন্য আবেদন করে। তারা অনুমোদন না পেলেও সেই জমিতে আদিবাসী কল্যাণ সমিতির কার্যালয়ের সাইনবোর্ড ও রাতারাতি মন্দির স্থাপন করেন।
এব্যাপারে বর্তমান লিজ সূত্রে জমির মালিক সাফায়াত হোসেন বলেন, আমাদের পুর্বপুরুষ ও আমরা ১৯৬৮ সাল থেকে ওই জমিটি লিজ নিয়ে মালিকানায় রয়েছি কিন্তু এই আদিবাসী কল্যাণ সমিতি জমিটি দখল করার পায়তারা করছেন। তারা রাতারাতি মন্দির তৈরি করে জায়গাটি দখল করার চেষ্টা করছেন।
এব্যাপারে আদিবাসী কল্যাণ সমিতির সদস্য সুজন বলেন, আমি এখনও এসব কিছু জানি না। গতকাল দুপুরে সমিতি থেকে মন্দির বসানো হয়েছে। আপনারা সসিতির সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করেন।
সমিতির সাধারণ সম্পাদক পরেশ আদিবাসীর সাথে কথা হলে তিনি বলেন, আমরা আবেদন করেছি। কিন্তু এখনও অনুমোদন পাইনি। বিষয়টি নিয়ে আমি প্রধানমন্ত্রীর দফতরে যাচ্ছি। আজকেই এটার দফারফা হবে। আদিবাসী মহাসচিব দেবাশীষ দাসের সাথে এব্যাপারে যোগাযোগ করবো। অনুমোদন না পেয়ে কিভাবে রাতারাতি মন্দির ও সাইনবোর্ড দিলেন এমন প্রশ্ন করলে তিনি বলেন, মোবাইলে কথা শোনা যাচ্ছে না। আমি পরে যোগাযোগ করবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড অফিসারের আদেশ প্রদানে ওই জমিটি আদিবাসীদের বরাদ্দ দেওয়া হয়েছে এমন সাইনবোর্ড দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাযহারুল ইসলামের সাথে যোগাযোগ করা হয়। তিনি বলেন, এব্যাপারে আমার জানা নেই। এমন কোন লিজ দেওয়া এখনও হইনি।