সাভার প্রতিনিধি :
সাভারের আমিনবাজারে একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (২৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) রাত ৮ টার দিকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হারুন ওর রশিদ। এর আগে বিকেলে সাভারের আমিনবাজারের বরদেশী গ্রামের আলাউদ্দিনের মালিকানাধীন একটি ডোবা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করে ব্যর্থ হলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) খবর দেয় সাভার থানা পুলিশ। তবে পরিচয় শনাক্তে তারাও ব্যর্থ হন।
পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে আমিনবাজার ইউনিয়নের বড়দেশী গ্রামের ওই ডোবা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় চিকন সুতার রশি পেচানো ছিল। রাতের কোন একসময় তাকে হত্যা করে হত্যাকারীরা ওই স্থানে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আমিন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হারুন ওর রশিদ বলেন, অনেক চেষ্টা করেও নিহতের পরিচয় শনাক্ত করা যায় নি। গলায় আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে। একই সাথে নিহতের পরিচয় শনাক্তের জন্য স্থানীয়দের সহায়তা কামনা করছি।