নিজস্ব প্রতিবেদক :
সাভারে অগ্নিনির্বাপক যন্ত্র বিস্ফোরণ হয়ে রহিম আফরোজ নামের এক প্রতিষ্ঠানের দুই জন দিন মজুর নিহত হয়েছেন। এঘটনায় নিহত দুই জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া। এর আগে আজ ভোর রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকার রহিম আফরোজ কারখানার ভিতরে এঘটনা ঘটে।
নিহতরা হলেন- নরসিংদী জেলার রায়পুরা থানার গোপীনাথপুর গ্রামের আজগর আলীর ছেলে ওলিউর রহমান (৫০) ও ভোলা সদরের থানার পশ্চিম চরখালি গ্রামের আব্দুল আজিজের ছেলে ফয়েজ উদ্দিন (৪৫)। তারা দুই জনই রহিম আফরোজ কারখানার দিন মজুর ভিত্তিতে কাজ করতেন।
নিহত ফয়েজ উদ্দিনের ভাই মনির হোসেন বাংলানিউজকে বলেন, গতকাল রহিম আফরোজ কারখানার জন্য অগ্নি নির্বাপক যন্ত্র ক্রয় করে আনে কতৃপক্ষ।
ভোর রাতে সেসব অগ্নি নির্বাপক যন্ত্রের একটি পিকআপ থেকে নামানোর সময় একটি বিস্ফোরণ হয়। এসময় ফয়েজ ও ওলিউর রহমান মারাত্মকভাবে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে পাঠানো হলে পুলিশ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়।
এ ব্যাপারে রহিম আফরোজ কারখানা কতৃপক্ষের কোন মন্তব্য পাওয়া যায় নি। তবে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বলেন, ভোরে ওই কারখানায় অগ্নি নির্বাপক যন্ত্র বিস্ফোরণ হয়ে দুই জন মারা যান। বিষয়টি তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো হবে।