অভি হাসান, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে গড়পাড়া ইউনিয়নের পাঁচজনকে রাজধানীর ধানমন্ডির সাবেক মন্ত্রীর বাসা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও মানিকগঞ্জ পুলিশপর একটি যৌথ টিম।
বৃহস্পতিবার (২ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-রানাদিয়া গ্রামের মো.উজ্জল হোসেন (৩৫), সদর থানা ছাত্রলীগের বর্তমান যুগ্ম আহ্বায়ক ও যুবলীগ কর্মী; বিশ্বনাথপুর গ্রামের মাসুদ রানা (৩৫), জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক; গোয়ালপাড়া ইউনিয়নের মীর সাইফুল্লাহ শাফি (৩৮), যুবলীগ কর্মী; এবং একই এলাকার ছাত্রলীগ কর্মী আবিদ হাসান (২৪) ও মো. হৃদয় হোসেন (২৪)।
পুলিশ জানায়, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তদন্তে এই পাঁচজনের সংশ্লিষ্টতার তথ্য উঠে আসে। প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।
মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, “গ্রেপ্তারের পর তাদের থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।”