আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

সাঈদীর মৃত্যুতে স্ট্যাটাস, পদ হারালেন জাবি ছাত্রলীগ নেতা

জাবি প্রতিনিধি

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের এক নেতাকে স্বীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতি দেওয়া ছাত্রলীগের নেতার নাম কাজল হাসান মিয়া। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি পদে দায়িত্বরত ছিলেন।

দেলোয়ার হোসাইন সাঈদী’র মৃত্যুর পর কাজল হাসান তাঁর ফেসবুকে সাঈদী’র মাহফিলের একটি ভিডিও শেয়ার করেন৷ শেয়ারকৃত ঐ ভিডিওতে তিনি লিখেন,’ইন্না-লিল্লাহ, আল্লাহ মহান মানুষটাকে জান্নাত দান করুণ’

এ ঘটনার পর সোমবার(২১ আগস্ট) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কাজল হাসান মিয়াকে সহ-সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়৷

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন অসাম্প্রদায়িক চেতনা বহন করা একটি সংগঠন। এই সংগঠনের নীতি-আদর্শ ভুলে, নৈতিক অবক্ষয় হওয়া কারো স্থান নেই।

বাংলাদেশ ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সম্প্রতি সময়ে নীতি-আদর্শ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মো. কাজল হাসান মিয়াকে (সহ-সভাপতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হলো।’

অব্যাহতি দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আখতারুজ্জামান সোহেল বলেন, ‘সংগঠনের নীতি-আদর্শ ভুলে তার নৈতিক অবক্ষয় হওয়ায় তাকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ