আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

সরাইলে কারসাজি করে শহীদ মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলনের অভিযোগ

 

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সদরের শাহানা বেগম (৪৮)। তিনি সরাইলের গর্ব শহীদ বীর মুক্তিযোদ্ধা বিরাম আলীর একমাত্র সন্তান। বর্তমানে তিনি মানবেতর জীবনযাপনের পাশাপাশি অতি কষ্টে দিনাতিপাত করছেন। অথচ তার পিতা শহীদ মুক্তিযোদ্ধা বিরাম আলীর সরকারি ভাতাসহ যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করছেন অন্যরা সম্পূর্ণ জাল জালিয়াতির মাধ্যমে।

সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধা বিরাম আলীর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকলেও তাঁর একমাত্র বিধবা মেয়ে এখন মানুষের বাড়িতে কাজ করে দুমুঠো ভাত জোগাড় করতে হচ্ছে। তার সন্তানেরা (শহীদ মুক্তিযোদ্ধার নাতি) রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। শহীদ মুক্তিযোদ্ধা বিরাম আলীর একমাত্র সন্তান হিসেবে অসহায় বিধবা শাহানা তার শহীদ পিতার নামে আসা সরকারি সুযোগ সুবিধা পেতে ক’দিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। শাহানা সরাইল সদরের আরিফাইল গ্রামের মৃত আবু বকর সিদ্দিকের স্ত্রী।

শহীদ মুক্তিযোদ্ধার সন্তান শাহানা ও স্থানীয় প্রতিবেশী লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করার সময়ে সম্মুখ যুদ্ধে পাকিস্তানি সেনাদের গুলিতে শহীদ হন বিরাম আলী। পরবর্তীতে পিতৃহারা শাহানাকে রেখে মা আবেদা বেগমের অন্যত্র বিয়ে হয়ে যায়। অযত্নে অবহেলায় শাহানা তার পিতার দূরসম্পর্কের এক আত্মীয়ের কাছে বড় হতে থাকে। এরইমধ্যে দেশ স্বাধীন হবার পর সরকার সকল বীর মুক্তিযোদ্ধাদের তালিকা করে তাঁদেরকে সরকারি সুযোগ সুবিধা প্রদানের উদ্যোগ নেয়। এসময়ে কিছু লোক কারসাজি করে শাহানাকে আড়ালে রেখে অন্য এক নারীকে শহীদ মুক্তিযোদ্ধা বিরাম আলীর স্ত্রী দেখিয়ে ভাতার কার্ড করিয়ে বছরের পর বছর যাবত ভাতার টাকা উত্তোলন করতে থাকে। এরমধ্যেই শাহানার বিয়ে হয়; কিন্তু তার পিতার নামে ভাতার টাকা উত্তোলনের ব্যাপারে শাহানা কিছুই জানতে পারেননি। একসময় শাহানার অভাবের সংসার রেখে তার স্বামী আবু বকর সিদ্দিক মারা যান। সন্তানদের নিয়ে দিশেহারা হয়ে পড়েন শাহানা। একসময় লোকমুখে শাহানা জানতে পারেন তার শহীদ মুক্তিযোদ্ধা পিতার ভাতার টাকার বিষয়ে। কিন্তু এই ভাতার ব্যাপারে কোনোকিছুই শাহানাকে জানাতে নারাজ তারা।

কয়েকবছর আগে শহীদ মুক্তিযোদ্ধা বিরাম আলীর স্ত্রী সেজে যে নারী ভাতার টাকা উত্তোলন করতো; সেই নারী মারা যান। এতে পরবর্তী ওয়ারিশ না পাওয়ায় সেই ভাতা উত্তোলন বন্ধ হয়ে যায়। পরে শহীদ মুক্তিযোদ্ধা বিরাম আলীর এক সৎ বোনকে কারসাজির মাধ্যমে মেয়ে সাজিয়ে সেই ভাতার টাকা উত্তোলনের পথ খুঁজতে শুরু করে শহীদ মুক্তিযোদ্ধার স্বজনরা। তারপরও শহীদ মুক্তিযোদ্ধা বিরাম আলীর একমাত্র বৈধ ওয়ারিশ শাহানাকে তারা এসব সুবিধা থেকে বঞ্চিত রেখেছে।

এখানেই এই ঘটনার শেষ হয়নি; ক’বছর আগে শহীদ মুক্তিযোদ্ধা বিরাম আলীর সৎ বোনকে মিথ্যার আশ্রয় নিয়ে মেয়ে বানিয়ে সেই ভাতার টাকা উত্তোলনের পথ সুগম করতে ঢাকায় গিয়ে রেল স্টেশনে স্ট্রোক করে মারা যান শাহানার মেজো চাচা (শহীদ বিরাম আলীর ছোট ভাই)। এর কিছুদিন পর এই ভাতার কার্ড চালু করতে ঢাকায় সংশ্লিষ্ট দপ্তরে যান শাহানার আরেক চাচা; তিনিও সরাইল ফেরার পথে চলন্ত বাসে যাত্রী সিটে বসা অবস্থায় স্ট্রোক করে মারা যান। পরে তার পকেটে থাকা মোবাইল ফোনে পরিচয় নিশ্চিত হওয়ার পর সেই বাসের অন্যান্য যাত্রীরা লাশ সরাইল বিশ্বরোড মোড়ে নামিয়ে দিয়ে যান স্বজনদের কাছে। এরপর থেকে ভয়ে দীর্ঘ সময় আর কেউ শহীদ মুক্তিযোদ্ধা বিরাম আলীর ভাতার টাকার ব্যাপারে খোঁজখবর নেয় না।

এ অবস্থায় অসহায় শাহানা তার শহীদ পিতার সরকারি ভাতার টাকা পেতে দ্বারে দ্বারে ঘুরছেন। ইতিপূর্বে সেই ভাতার টাকা তার নামে করিয়ে দেয়ার কথা বলে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান শাহানাকে দিয়ে কতিপয় নেতা তার বাড়ির বিভিন্ন কাজকর্ম করিয়েছে প্রায় দুইবছর যাবত। এসব কথা কান্না জড়িত কন্ঠে জানিয়েছেন অসহায় শাহানা বেগম।

শাহানা একজন শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তার পিতার নামে আসা সকল সরকারি সুবিধা পেতে সংশ্লিষ্ট সকলের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ