নিজস্ব প্রতিবেদক:
মশিউর রহমান সম্রাটের ছদ্মনামে সবুজ শেখ যেন হয়ে ওঠেছিল অপরাধের সম্রাট। একের পর এক করেছে নৃশংস হত্যাকাণ্ড। তার ভাষায় ‘থার্টি ফোর বা সানডে মানডে ক্লোজ’ মানেই হত্যা করা।
বুধবার (২১ জানুয়ারি) রাতে সাভার মডেল থানার পরিদর্শক ওসি অপারেশন হেলাল উদ্দিন সম্রাটের প্রকৃত পরিচয় নিশ্চিত করেন। এর আগে সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় তাকে আদালতে তুলা হলে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে ছয় হত্যার দায় স্বীকার করেন।
মশিউর রহমান সম্রাটের প্রকৃত নাম সবুজ শেখ। সে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার হলুদিয়া মুছামান্দা গ্রামের পান্না শেখের ছেলে। সে ২০২৪ সাল থেকে সাভারে মডেল মসজিদ থাকতেন। এরপরে সাভার থানার আশপাশে ভবঘুরেদের মতো থাকতেন।
সর্বশেষ জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় একজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তার নাম তানিয়া আক্তার সোনিয়া(২৫)। সে রাজধানীর উত্তরা এলাকার জসিম উদ্দিনের মেয়ে। সে মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে পুলিশের দাবি।
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) হেলাল উদ্দিন বলেন, সম্রাটের প্রকৃত পরিচয় জানা গেছে৷ মূলত তার নাম সবুজ শেখ। সে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছে। পরে তাকে আদালত কারাগারে প্রেরণ করছে। সে ভবঘুরেদের মতো চলাফেরা করতেন। ছদ্মনাম ব্যবহার করে অপরাধ করেছেন তিনি। তার পরিবারের সদস্যরা মুন্সিগঞ্জে থাকেন। তবে তার বিস্তারিত আর কিছু পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জুলাই সাভার মডেল মসজিদের কাছ থেকে আসমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার হয়। এরপরে ২৯ আগস্ট রাতে সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। তবে ওই নিহত যুবকের এখনো পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। পরে ১১ অক্টোবর রাতে আবারও সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অজ্ঞাত (৩০) এক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরপরে ১৯ ডিসেম্বর দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড়ে মহল্লার পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। তবে তিন খুনের ঘটনায় নিহতদের পরিচয় পুলিশ নিশ্চিত করতে পারেনি।
এরপরে রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড় মহল্লার পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতরে দুই জনের পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।
সাভার মডেল থানার উপপরিদর্শক ফাইজুর খাঁন বলেন, সিরিয়াল কিলার সবুজ শেখের নামে সাভার মডেল থানায় দুই মাদক মামলাসহ মোট ৪ টি মামলা রয়েছে ২০১৯ ও ২০২৩ সনে । দুইটি মামলা বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।