আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

সওজের সাইনবোর্ডের পাশেই ফেলছে ময়লা, জনজীবনে অস্বস্তি

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার সাভারের আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়ক। বাইপাইল ব্রিজের একটু সামনে, মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী’র নির্দেশ সম্বলিত একটি নিঃসঙ্গ সাইনবোর্ড দেখতে পাওয়া যাবে। সেখানে ময়লা না ফেলার বিষয়ে সতর্কবাণী রয়েছে।

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, সাইনবোর্ডের সতর্কবাণীকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে ময়লা ফেলার একটি চক্র।

গতকাল বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সরেজমিন দেখা যায়, বাইপাইলের শাহরিয়ার গার্মেন্টস এর বিপরীতে নবীনগর-চন্দ্রা মহসড়কের পশ্চিম পাড়ে হাবিব সিএনজি থেকে টিএস সিএনজি পাম্প পর্যন্ত দুর্গন্ধযুক্ত ময়লায় সয়লাব।

স্থানীয় বিভিন্ন বাসাবাড়ি থেকে মাসিক টাকার চুক্তিতে একটি চক্র নিয়মনীতির তোয়াক্কা না করে, সওজ এর নিষেধাজ্ঞা অমান্য করে এভাবে মহাসড়কের পাশে ময়লা ফেলছে। ফলে এই পথ দিয়ে প্রতিদিন যাতায়াতকারী হাজারো মানুষের দুর্গন্ধে নাভিশ্বাস উঠবার উপক্রম!

মুঠোফোনে বিষয়টি জানতে চাইলে মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. গাউস-উল-হাসান মারুফ জানান, ময়লা ফেলার এটা একটা জাতীয় সমস্যা।

এবিষয়টি যদি বন্ধ করতে হয়, প্রথমেই দেখতে হবে ময়লাটা কে ফেলছে। আমরা দেখেছি, বাসাবাড়ি থেকে একটি চক্র এভাবে ময়লা সংগ্রহ করে, ছোট ছোট ভ্যানে করে মহাসড়কের পাশে সওজের জায়গায় ফেলছে। আরেকটি গ্রুপ হলো পৌরসভা।

তাদের কিছু পিক-আপে করে নিয়ে এসে তারাও সওজের জায়গায় ময়লা ফেলে। আমরা এটা বন্ধ করার চেষ্টা করেছি, পুলিশের সাথে আলাপ করেছি, বিভিন্ন সময় ফিল্ডে যেয়ে যারা ময়লা ফেলে তাদের হাতেনাতে ধরেছি। আমাদের ম্যাজিস্ট্রেট তাদেরকে জরিমানা করেছেন।

এমনকি ময়লা ফেলায় পৌরসভার গাড়ির বিরুদ্ধেও জরিমানা করা হয়েছে। কিন্তু ময়লা ফেলা তো বন্ধ হচ্ছে না। আমাদের ম্যাজিস্ট্রেট চলে যাচ্ছেন, আগের চেয়ে এবার আরও বেশী করে ময়লা ফেলছে ওই চক্র!

এব্যাপারে মুঠোফোনে সাভার হাইওয়ে থানার ওসি সাজ্জাদ-উল-করিম এর কাছে জানতে চাইলে তিনি এব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

নিয়মনীতির তোয়াক্কা না করে সওজ এর জায়গায় জনচলাচলের পথে ময়লা ফেলার বিষয়টি সওজ এর ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শামীম আল মামুনকে মুঠোফোনে জানানো হয়। তিনিও বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, পলাশবাড়ী পশ্চিম পাড়ার জনৈক আলম এর নেতৃত্বে একটি ময়লা ফেলার চক্র এভাবে বাসাবাড়ি থেকে টাকা নিয়ে অবৈধভাবে মহাসড়কের পাশে ময়লা ফেলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ