মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন “শেখ হাসিনা অসাম্প্রদায়িক নেতা। তিনি বিশ্বাস করেন আমাদের দেশটা হিন্দু, মুসলিম বৌদ্ধ, খ্রিষ্টান সবার। আপনার ধর্ম যাতে সুন্দরভাবে পালন করতে পারেন সেজন্য একে অপরের সহযোগিতা করব। ধর্ম যার যার উৎসব সবার। আপনাদের পাশে সব সময় ছিলাম, আছি এবং থাকব। গত মঙ্গলবার(২৪ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জের হরিরামপুরে ঝিটকা বাজার দূর্গা মন্দির পরিদর্শন শেষে মন্দিরের সভাপতি নরেশ সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা নৌকার মানুষ, নৌকার বাইরে যাব না। নৌকার সাথে থাকবো। আমি কি হইলাম সেটা দেখার বিষয় না, শেখ হাসিনা কে ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আমরা ঘরে থাকতে পারব, শান্তিতে আমাদের ধর্ম পালন করতে পারব।
মমতাজ বেগম বলেন, শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে দেশে অরাজকতা সৃষ্টি হবে, নাশকতা সৃষ্টি হবে। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন ছাত্রদল পূজার সময় মন্ডপে মন্ডপে চাঁদাবাজি করেছে। আর এখন আমাদের ছাত্রলীগের ছেলেরা মন্ডপ পাহারা দেয়। শুধু ছাত্রলীগ নয়, আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের সকলেই যার যার জায়গা থেকে এই শারদীয় দূর্গা উৎসবে অতন্দ্র প্রহরীর মতো পাহারা দিয়েছে। এর ফলে এ বছর সারাদেশে শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গা উৎসব পালন সম্ভব হয়েছে।”
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আজিম খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব,সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি নরেশ দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি দিলীপ রায়সহ জেলা, জেলা-উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।