সিঙ্গাইর প্রতিনিধি:
মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, শেখ হাসিনা অসাম্প্রদায়িক। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। শেখ হাসিনা যাকে নৌকা দেয় তার পাশে থাকতে হবে। নৌকা দেওয়ার মালিক শেখ হাসিনা।
নৌকা যাকেই দেওয়া হোক ঝাঁপিয়ে পড়ে নৌকাকে বিজয় করতে কাজ করব। নৌকাকে ভোট দিলে এই সুবিধাটা শেখ হাসিনা পাবে। কারন নৌকা বিজয় হলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে।
বুধবার(১৮ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ সিঙ্গাইর উপজেলা হলরুমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মমতাজ বেগম বলেন, শুধু নির্বাচন আসলেই না,ভোটের জন্য নয়,সারা বছর কে আপনাদের পাশে থাকে। আপনারা সতর্ক থাকুন। বছরের পর বছর কে আপনাদের খোঁজখবর নেয়, আপনারা তার সাথে থাকুন। কিছু নেতা আছে নির্বাচন আসলে আপনাদের কে ৫/১০ হাজার টাকা নিয়ে দাঁড়াবে। তারা সারা বছর কোন খোঁজ খবর রাখবে না। আমরা কিন্তু আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব।
তিনি আরোও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ধর্ম যার যার উৎসব সবার। সেই উৎসবমুখর দিনগুলোতে কিন্তু আমরা আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করি। শেখ হাসিনা কিন্তু আপনাদের ভুলে না। আপনাদের সকল ধর্মীয় উৎসবের সব সময় আপনাদের পাশে থাকেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিপন দেবনাথের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো. আহাদি হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ মিজানুল ইসলাম ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন ঘোষ প্রমুখ।
পরে আনুষ্ঠানিকভাবে উপজেলার ১টি পৌরসভাসহ ১১টি ইউনিয়নের ৭১টি পূজা মন্ডপের নেতৃবৃন্দের হাতে ৫ হাজার করে মোট ৩লাখ ৫৫হাজার টাকা ও সরকারি ৫শত কেজি চাউলের বরাদ্ধপত্র তুলেদেন সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগম।
এদিকে এদিন বিকেলে হরিরামপুর উপজেলার ৬৮টি পূজা মন্ডপের নেতৃবৃন্দের হাতে ব্যক্তিগত তহবিল থেকে ৫ হাজার করে মোট ৩ লাখ ৪০ হাজার টাকা ও সরকারি ৫শত কেজি চাউলের বরাদ্ধপত্র তুলেদেন তিনি।
এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পূজা মন্ডপের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।