জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আসন্ন স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় শিফট ভিত্তিক পরীক্ষা পদ্ধতি ও ইউনিট বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সংগঠনটি প্রশাসনের এ সিদ্ধান্তকে বৈষম্যমূলক, মেধা বিকাশের অন্তরায় এবং শিক্ষার্থীদের আর্থিকভাবে দুর্বল করার একটি পদক্ষেপ আখ্যা দিয়ে একটি বিবৃতি প্রদান করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার মুখ্য সংগঠক নকিব আল মাহমুদ অর্ণব স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, শিফট ভিত্তিক পরীক্ষার ফলে শিক্ষার্থীদের মেধার সঠিক মূল্যায়ন ব্যাহত হয়। শিফটভেদে প্রশ্নপত্রের সহজ বা কঠিন হওয়ার কারণে পরীক্ষার্থীদের জন্য সমতা বজায় রাখা সম্ভব নয়। পূর্বের অভিজ্ঞতায় দেখা গেছে, এ ধরনের পদ্ধতি শিক্ষার্থীদের হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং ভর্তি পরীক্ষার মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বর্তমান প্রশাসন পূর্বের তুলনায় ৫টি নতুন ইউনিটের পরীক্ষা চালু করেছে। যদিও আবেদন ফি অপরিবর্তিত রয়েছে, নতুন ইউনিট যোগ হওয়ায় একাধিক ইউনিটে আবেদন করতে শিক্ষার্থীদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে। দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় এটি অসচ্ছল শিক্ষার্থীদের জন্য একটি বড় বাধা।
এছাড়াও সংগঠনটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশে শিফট ভিত্তিক পরীক্ষা বাতিল করে একক পরীক্ষার ব্যবস্থা করা, আবেদন ফি কমানো, ইউনিট সংখ্যা হ্রাস করা ও ভর্তি পরীক্ষায় বাণিজ্যিকীকরণ বন্ধ করার দাবি জানায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্পষ্টভাবে জানায়, প্রশাসন যদি দাবিগুলো দ্রুত কার্যকর না করে, তাহলে শিক্ষার্থীদের নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।