আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

শামীম হত্যায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি সাধারণ শিক্ষার্থীদের

জাবি প্রতিনিধি:

জাবির সাবেক শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা শামীম হত্যায় নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের মাত্রা অনুযায়ী নিরপেক্ষভাবে শাস্তি প্রদান ও জুলাই, আগস্ট মাসে শিক্ষার্থীদের সাথে ঘটে যাওয়া নির্মম নির্যাতনের বিচারের দাবিসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আজ (২৫ সেপ্টেম্বর) বুধবার বিকাল ৪ টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হয়ে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। পরে তারা শান্তিপূর্ণ মিছিল নিয়ে রেজিস্ট্রার ভবনের সামনে আসেন এবং উপাচার্য বরাবর তাদের দাবি-দাওয়া সংবলিত স্মারকলিপি প্রদান করেন।

শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলো হলো–শামীম মোল্লাকে প্রশাসনের কাছে হস্তান্তরের পরবর্তীতে নিরাপত্তা অফিসের তালা ভেঙে কয়েকদফা মারধর এবং পুলিশের কাছে হস্তান্তরের পর মৃত্যুর আগ পর্যন্ত ঘটনার গভীর তদন্ত নিশ্চিত, প্রধান নিরাপত্তাকর্মী সুদীপ্ত শাহীনের বিতর্কিত কর্মকান্ড এবং ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তাকর্মীদের বহিষ্কার।

শিক্ষার্থীদের মধ্য থেকে কথা হয় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী নাদিয়া রহমান অন্বেষার সাথে। তিনি বলেন, “আমাদের প্রধান দাবি হলো শামীম মোল্লা হত্যা মামলায় যাদের আসামি করা হয়েছে, সুষ্ঠ তদন্ত সাপেক্ষে তাদের প্রাপ্য শাস্তিটুকু যেন নিশ্চিত করা হয়।

এখানে লঘুদণ্ডে গুরু শাস্তি কেউ পাক সেটা আমরা চাই না। শামীম মোল্লাকে প্রক্টর অফিসে যখন মারা হয় তখন প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা কর্মকর্তারা তার নিরাপত্তা কেন নিশ্চিত করতে পারেনি সেই প্রশ্ন আমাদের প্রশাসনের কাছে থেকে যায়। সুদীপ্ত শাহীন নিজে একজন হত্যা মামলার আসামি হয়ে কিভাবে হত্যা মামলা করে এবং স্ব-পদে বহাল থাকে এটিও প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন।”

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ