আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

রূপসায় ভাতিজারা জখম করলো চাচাকে 

 কে এম নজরুল ইসলাম : 
ফরিদগঞ্জ উপজেলার ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রামে ভাতিজার হাতে চাচা গুরুতর আহত হয়েছে। এই ঘটনার অভিযোগ উঠেছে আহতের ভাতিজা সাদ্দামের (২৫) বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে জানা যায়, ২৬ অক্টোবর মঙ্গলবার দুপুরে মো. আনোয়ার উল্যাহর বসতঘরে দেশীয় অস্ত্র-সস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা করে সাদ্দাম। এসময় সে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে জানান আনোয়ার উল্যা।
সাদ্দাম ধারালো দা দিয়ে মাথা এবং হাতে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে তাকে। তাছাড়া শাবল দিয়ে আাঘাত করে শরীরের বিভিন্ন অংশে জখম করে। একপর্যায়ে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করতে চাইলে তার এবং পরিবারের লোকজনের আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। আহত আনোয়ার উল্যাকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
আহত আনোয়ার উল্যার মেয়ে জেসমিন বেগম (৩৫)।এ বিষয়ে বলেন, ‘আমার বাবাকে হত্যার উদ্দেশ্যে সাদ্দাম, কাসেম, রফিক ও তার স্ত্রী গোলবাহার বেগম গং হামলা চালায়। সাদ্দাম ওসিকে বাবার সম্পর্কে বেশকিছু আপত্তিকর কথা বলে।
আমার বাবা সেই কথার প্রতিবাদ করতে গেলে সাদ্দাম ও কাসেম তাদের মা বাবার উপস্থিতিতে দা, শাবল এবং লাঠিসোটা দিয়ে বাবাকে আঘাত করতে থাকে। আমাদের বাড়িতে পুরুষ লোক না থাকায় কেউ সাহস করে থামাতে পারেনি।
একপর্যায়ে বাবাকে গলা চেপে ধরে মেরে ফেলার জন্য চেষ্টা করলে আমাদের ডাক-চিৎকার করলে ছেড়ে দেয়। পরে তারা বাবাকে লাঠিসোঠা নিয়ে এবং দা দিয়ে কুপিয়ে জখম করে।’
এদিকে সাদ্দাম ও কাসেমের কাছে জানতে চাইলে তারা বলেন, ‘আমার চাচা স্লাবের উপর পড়ে ব্যথা পেয়েছেন। আমরা তাকে মারিনি।’
এ বিষয়ে সংশ্লিষ্ট অভিযোগটি তদন্তের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, ‘ঘটনাস্থল গিয়ে পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়া গেছে। চূড়ান্ত তদন্ত কাজ শেষ করতে আরও কয়েকদিন সময় লাগবে।’
আনোয়ার উল্যাহ জানান, ‘আমি ওদেরকে বলেছি, স্থানীয় শালিসী সিদ্ধান্ত না মানলে থানায় আইনগতভাবে বসে সমাধান করতে হবে। এ কথা বলার পর থানার ওসিকে আপত্তিকর কথাবার্তা বলেছে কাসেম।
এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার ওপর চড়াও হয় তারা। দেশীয় অস্ত্র দিয়ে আমাকে মারতে থাকে। তাছাড়া আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। আমি এ দুর্বৃত্তদের কঠোর শাস্তির দাবী জানাই।’
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ‘আনোয়ার উল্যাকে প্রাণনাশের উদ্দেশ্য জখম করার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা  নেওয়া হবে।’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ