রাবি প্রতিনিধি:
সরকারি চাকরিতে কোটা সংস্কার ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশনের সামনের রেললাইন অবরোধ করেছে শিক্ষার্থীরা। শুক্রবার (১২ জুলাই) বিকাল ৫ টার দিকে শিক্ষার্থীরা জড়ো হয়ে রেলপথটি অবরোধ করে। এতে রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজ শুক্রবার (১২ জুলাই) সারাদেশে ৫ম দিনের মতো চলছে বাংলা ব্লকেড কর্মসূচি।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বহালে গত ৫ জুনে রায় দেন হাইকোর্ট। তবে, কোটাব্যবস্থা বাতিলে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে টানা অবরোধ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গত ৭ জুলাই থেকে তাদের বাংলা ব্লকেড কর্মসূচি চলে আসছে। প্রথম দুই দিন অর্ধদিবস অবরোধ চলার পর মঙ্গলবার একদিন বিরতি দিয়ে গতকাল বুধবার সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি চলে। আজ বৃহস্পতিবার বিকেল থেকে ফের এই কর্মসূচি চলছে। এর মধ্যে গতকাল বুধবার হাইকোর্টের রায়ের ওপর এক মাসের স্থিতিবস্থা দিয়েছেন আপিল বিভাগ।
শিক্ষার্থীদের দাবী, সরকারি চাকরিতে সব গ্রেডে সকল প্রকার অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংশোধন করতে হবে।