নিজস্ব প্রতিবেদক :
ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সঃ) এর ব্যাঙ্গচিত্র প্রকাশ করার প্রতিবাদে রাজধানীর প্রবেশমুখ ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
শুক্রবার (৬ নভেম্বর) জুম্মার নামাজ শেষে উপজেলার বারবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পাশে কয়েক’শ মুসল্লি অবস্থান নেন।
এসময় ফ্রান্স সরকার প্রধানের বিরুদ্ধে প্রতিবাদী ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।
এসময় তারা বলেন, ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে এধরণের নিকৃষ্ট কর্মকান্ড কোন ভাবেই মেনে নেয়া যাবে না। আমরা শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে এর প্রতিবাদ করব। এটা পুরো মুসলিম জাহানের উপর আঘাত। এর জন্য ফ্রান্স সরকারকে আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে ক্ষমা চাইতে হবে। তারা দাবি করেন, বাংলাদেশে অবস্থিত ফ্রান্সের দূতাবাস সরিয়ে ফেলতে হবে। তাদের সাথে সমস্ত কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। এছাড়া ফ্রান্সের সকল ধরণের পণ্য বয়কটে সকলের প্রতি আহ্বান জানান তারা। দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ারী দেন মুফতি-মুসুল্লিরা।
এতে উপস্থিত ছিলেন হাতকোড়া জামিয়া মইনুল ইসলাম দাওরায়ে হাদীস মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি হাবিবুল্লাহ, একই মাদ্রাসার সহকারী প্রিন্সিপাল মাওলানা আব্দুল হামিদ, সিনিয়র মুহাদ্দিস মাওলানা নুরুল আমিন, গাঙ্গুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান কাদের মোল্লাসহ স্থানীয় প্রায় কয়েকশ মুসল্লি।