আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

রমজানেও খোলা থাকবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় 

কুবি প্রতিনিধি:
করোনা ভাইরাসের কারনে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষা কার্যক্রমে হওয়া ক্ষতি পুষিয়ে নিতে আসন্ন রমজান মাসেও খোলা থাকবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চলবে আগামী ২১ এপ্রিল পর্যন্ত এবং প্রশাসনিক কার্যক্রম চলবে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত।
২৯ মার্চ (মঙ্গলবার) বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি রেজিস্ট্রার দলিলুর রহমান। তিনি বলেন, আসন্ন রমজানে ২১ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম এবং আগামী ২৮ এপ্রিল পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে।
এদিকে, প্রশাসনের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছে, করোনায় শিক্ষা কার্যক্রমে যে ক্ষতি হয়েছে তা কিছুটা হলেও লাঘব হবে রমজানের এ ছুটি কমানোয়।
উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবীর বলেন, করোনার কারনে শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়েছে।
এ ক্ষতি পুষিয়ে নেয়ার জন্যই ক্যালেন্ডারে ছুটি কমিয়ে রাখা হয়েছে। আর সরকারের পক্ষ থেকে ছুটি কমানোর নির্দেশনা রয়েছে। আমরা শিক্ষার্থীদের সহযোগিতায় এ ক্ষতি পুষিয়ে নিতে পারবো বলে আশা রাখছি।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২৪ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছুটির নির্দেশনা দেওয়া আছে। ছুটির আওতায় থাকবে মে দিবস, শবে ক্বদর, ইদ উল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ