আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

যে ইউনিয়নকে আলোকিত করেছে চান্দ্রা দরবার শরীফ ও লোহাগড় মঠ

কে এম নজরুল ইসলাম :  
প্রকৃতির অপার সৌন্দর্যে ভরা অন্যতম একটি ইউনিয়ন হচ্ছে বালিথুবা পশ্চিম ইউনিয়ন। ডাকাতিয়া নদীর আঁকাবাঁকা রহস্য যেন এখান থেকেই উৎপত্তি। নদী ও নদীতীরবর্তী চর ও জনবসতির আলাদা নয়নাভিরাম দৃশ্যপট এখানে অবলোকন করে দর্শনধারী মানুষজন
ইউডিসি মিজানুর রহমানের তথ্যানুযায়ী ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের মোট আয়াতন ২৪ বর্গ কিলোমিটার। জন্ম নিবন্ধন হিসাব অনুযায়ী মোট জনসংখ্যা প্রায় ৪০,০০০। এরমধ্যে নারী প্রায় ১৮,০০০ জন, পুরুষ প্রায় ২২,০০০ জন। ইউনিয়নে কাঁচা রাস্তা রয়েছে ১০ কিলোমিটার, পাকা রাস্তা ১৫ কিলোমিটার, সলিং রয়েছে ৮ কিলোমিটার।
শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- উচ্চ মাধ্যমিক ১টি, মাধ্যমিক ২টি, নিম্ন মাধ্যমিক ১টি, প্রাথমিক বিদ্যালয় ১টি, ফাযিল মাদ্রাসা ১টি, আলিম মাদ্রাসা ২টি, দাখিল মাদ্রাসা ৪টি, হাফিজিয়া মাদ্রাসা ৭টি, ফোরকানিয়া মাদ্রাসা ৩টি, বালিকা উচ্চ বিদ্যালয় ১টি, মহিলা দাখিল মাদ্রাসা ২টি, এতিমখানা ৫টি, মসজিদ ৫৮টি, মন্দির ৪টি, প্রবাসী ৪৫২জন।
এই ইউনিয়নের খালসমূহ হলো- বরাডোল ও ডাকাতিয়া সংলগ্ন খাল। এই ইউনিয়নে রয়েছে ঐতিহাসিক লোহাগড় মঠ। যা একটি পুরাকীর্তি হিসেবে কালের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে। ডাকাতিয়া নদীর পাশে অবস্থিত হওয়ায় এই স্থাপনা পেয়েছে বাড়তি সৌন্দর্য। যার সৌন্দর্য দেখতে প্রতিদিনই বিভিন্ন প্রান্ত থেকে আসে মানুষজন। এছাড়া চান্দ্রা দরবার শরীফ এবং মদনেরগাঁও দরবার শরীফ আলোচিত দুটি পবিত্র স্থান। যেখানে ইসলাম ধর্মের অনুসারীরা নানান উদ্দেশ্য নিয়ে আসেন। জেয়ারত করেন হক্কানি আল্লাহর ওলীর মাজার শরীফ।
ফরিদগঞ্জ উপজেলায় ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নে বাংলাদেশের অনেক গুণী মানুষের জন্মস্থান। শিল্পী, সাহিত্যিক, ডাক্তার, চিকিৎসক, শিক্ষক এবং সরকারি কর্মকর্তাসহ প্রায় সব বিভাগের লোক রয়েছেন এই।ইউনিয়নে। ইতিহাস-ঐতিহ্য, প্রকৃতি এবং স্থাপনায় মিলেমিশে বালিথুবা পশ্চিম ইউনিয়ন।
এ ইউনিয়নে এমন কয়েকজন গুণী রয়েছেন যাঁরা শুধুমাত্র বাংলাদেশ নয় পৃথিবী বিখ্যাত। এঁদেরই একজন বিখ্যাত চিত্রশিল্পী হাশেম খান। রয়েছেন বীরমুক্তিযোদ্ধা ৮নং সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী, সাব-সেক্টর কমান্ডার বজলুল গণি পাটওয়ারী, বীরপ্রতীক আব্দুল হাকিম, সাবেক সচিব মাকসুদুর রহমান পাটওয়ারী, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব নাছিমা আক্তার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব হাবিবুর রহমান, চাঁদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম, বিএমএ সভাপতি ডা. নূরুল হুদা ও সাবেক সভাপতি ডা. হারুনুর রশিদ সাগরসহ অসংখ্য গুণীর আবাসভূমি এই ইউনিয়ন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ