নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের তাহিরপুরে পূর্ব শত্রুতার জেরে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় সুজন পাল (৩৩) নামে এক সাবেক ছাত্রদল নেতা গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি আহতাবস্থায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলিগাঁও গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহত সুজন পাল সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সদস্য। অন্যদিকে অভিযুক্তরা হলেন উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ড কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সাধারণ সম্পাদক প্রদীপ ব্রহ্ম (৪৬) ও তাঁর ছেলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অলক ব্রহ্ম (২২)।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ভোক্তভোগী সুজন পাল বাদী হয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অলক ব্রহ্মকে প্রধান আসামি করে ২ জনের নাম উল্লেখসহ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাবেক ছাত্রদল নেতা সুজন পালের সাথে যুবলীগ নেতা প্রদীপ ব্রহ্মের দ্বন্দ্ব চলছিল। বৃহস্পতিবার বিকালে সাবেক ছাত্রদল নেতা সুজন পাল নিজ বাড়িতে বৈদ্যুতিক ওয়ারিংয়ের কাজ করছিলেন। এসময় পূর্বশত্রুতার জেরে হঠাৎ করে যুবলীগ নেতা প্রদীপ ব্রহ্ম ও তাঁর ছেলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অলক ব্রহ্ম দেশীয় অস্ত্র-লাঠি নিয়ে ছাত্রদল নেতা সুজন পালের ওপর অতর্কিত হামলা চালায়। পরে এলাকাবাসী এগিয়ে এসে হামলাকারীদের হাত থেকে সুজন পালকে প্রাণে রক্ষা করেন। পরে এলাকাবাসী আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনার পর থেকে হামলাকারী যুবলীগ নেতা প্রদীপ ব্রহ্ম ও তাঁর ছেলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অলক ব্রহ্ম গা ঢাকা দিয়েছেন। তাই তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক আহমেদ বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।