আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

মেয়েদের ফুটবলে বাধা; জাবিতে প্রতিবাদ সমাবেশ, নারী ফুটবল ম্যাচ

জাবি প্রতিনিধি:

জয়পুরহাটের আক্কেলপুর ও দিনাজপুরের হিলিতে নারী ফুটবল ম্যাচকে কেন্দ্র করে হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল ও মেয়েদের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাবের আয়োজনে মুরাদ চত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সেখানে শিক্ষার্থীরা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে ইতিহাস বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী আয়শা সিদ্দিকা বলেন, “জয়পুরহাটে নারীদের একটি ফুটবল খেলা হতে দেওয়া হয়নি। এখন পর্যন্ত এ নিয়ে ক্রীড়া উপদেষ্টার কোনো বিবৃতি নেই।

অন্যান্য উপদেষ্টাদেরও এসব নিয়ে মাথাব্যথা নেই। নারীদের প্রতি এই যে উগ্রতা, এটি অনতিবিলম্বে বন্ধ করতে হবে এবং রাষ্ট্রকে এর দায়ভার নিতে হবে।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর মাহমুদুল হাসান কিরণ বলেন, “অভ্যুত্থানের পর যে স্বাধীন, সমানাধিকারের বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখেছিলাম, মেয়েদের ফুটবলে বাধা দেওয়ার মাধ্যমে সেই স্বপ্নকে বিনষ্ট করা হয়েছে।

খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি একটি জাতির অগ্রগতির প্রতিচ্ছবি। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে প্রতিটি নাগরিক—নারী বা পুরুষ—নিজের প্রতিভা ও স্বপ্নকে পূর্ণ বিকাশের সুযোগ পাবে এবং কেউ কারও স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না।”

গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আবদুর রশিদ জিতু বলেন, “জুলাইয়ের গণ-অভ্যুত্থানে আমরা দেখেছি, আমাদের বোনেরা কীভাবে বিপ্লবী ভূমিকা পালন করেছেন। তাঁরা বাংলাদেশের যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আপসহীন মনোভাব লালন করেছেন।

অন্যায়ের বিরুদ্ধে আমাদের বাংলার বাঘিনীরা কখনো পিছপা হননি। জয়পুরহাটে নারীদের দমন করতে যেসব উগ্রবাদী খেলার মাঠে নৃশংস হামলা চালিয়েছেন, তাঁদের অতিসত্বর চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।”

পরে বিকাল পৌনে ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মেয়েদের একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নারী শিক্ষার্থীরা খেলায় অংশ নেন।

এসময় খেলোয়াড়দের মধ্য থেকে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী সৈয়দা আফিয়া মালিহা বলেন, “মেয়েদের ফুটবল খেলা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে আমরা আজকের এই ম্যাচে অংশ নিয়েছি।

খেলাধুলা কোনো নির্দিষ্ট লিঙ্গের বিষয় নয়, এটি সবার অধিকার। আমরা এ দেশে নারী হিসেবে নয়, বরং একজন খেলোয়াড় হিসেবে মাঠে নামতে চাই।

আমরা চাই, ভবিষ্যতে কোনো মেয়ে যেন খেলাধুলায় অংশ নিতে বাধার সম্মুখীন না হয়। আমাদের লড়াই শুধু মাঠের মধ্যে নয়, সমাজের দৃষ্টিভঙ্গির বিপক্ষেও।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ