আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

মুক্ত দিবসে ভার্চ্যুয়াল প্রদর্শনীর আয়োজন

মিশুক মাহমুদ :

১৬ ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে চূড়ান্ত মুক্তি লাভ করে বাংলাদেশ। পৃথিবীর মানচিত্রে স্বগৌরবে আত্মপ্রকাশ করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। তবে ১৬ ই ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হলেও নভেম্বরের শেষ দিক থেকেই খন্ড খন্ডভাবে শত্রুমুক্ত হতে থাকে দেশের বিভিন্ন অঞ্চল। তারই ধারাবাহিকতায় ১৯৭১ সালের ৮ই ডিসেম্বর শত্রুমুক্ত হয় ব্রাহ্মণবাড়িয়া। সীমান্তবর্তী এলাকা হওয়ায় মুক্তিযুদ্ধে এই অঞ্চলটি ছিলো খুবই গুরুত্বপূর্ণ। ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে গেরিলা প্রশিক্ষণ গ্রহণ করেন হাজার হাজার বীর মুক্তিযোদ্ধা। এই অঞ্চলেই দুঃসাহসিক গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করে পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে শাহাদাত বরন করেন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল। শহিদ হন আরও অনেক বীরসেনা।

প্রতিবছর ৮ই ডিসেম্বর, ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবসটি পালিত হয় নানা আয়োজনের মধ্য দিয়ে। বিভিন্ন সরকারি-বেসরকারি ও রাজনৈতিক প্রতিষ্ঠানের বাইরে গত ৫ বছর ধরে একটি ব্যতিক্রমী আয়োজন করে দিনটি উদযাপন করে আসছে স্থানীয় একটি সামাজিক সংগঠন। মূলত ২০১৫ সাল থেকে “আমরাই ব্রাহ্মণবাড়িয়া” নামে ঐ সামাজিক সংগঠনের উদ্যেগে “রঙিন হবে আমাদের স্কুল” শিরোনামে ব্যতিক্রমী এই আয়োজনটির মধ্য দিয়ে ৮ই ডিসেম্বর মুক্ত দিবসটি ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে উৎসবে পরিণত হয়েছে।

শহরের যেকোনো একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সীমানাপ্রাচীরকে বিজ্ঞাপনমুক্ত করে দিয়ে রঙ তুলির আঁচড়ে মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক বিভিন্ন ছবি ফুটিয়ে তোলা হয় দেয়ালে। প্রায় দুই সপ্তাহব্যপী ৫০ জনেরও বেশি চিত্রশিল্পী কাজ করে চিত্রাংকনে অংশগ্রহণ করে এবং ৮ই ডিসেম্বর সকাল ৮টা ৮ মিনিটে জেলার ৮ জন কৃতি সন্তান এই আয়োজনের উদ্বোধন করেন। ভোরের আলো ফুটে উঠার সাথে সাথেই স্থানীয় সর্বস্তরের মানুষেরা জড়ো হতে থাকে এই আয়োজনে। সমস্বরে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী এক উৎসব আয়োজন।

তবে এই বছর কোভিড-১৯ পরিস্থিতির কারনে একটু ভিন্ন পথে হাটতে হয় আয়োজকদের। মুক্ত দিবস উৎসব উদযাপনের জন্য তারা বেছে নেয় অনলাইন প্ল্যাটফর্মকেই। তবে, তাদের মূল লক্ষ্য মুক্তিযুদ্ধের চেতনাকে পরবর্তী প্রজন্মের কাছে তোলে ধরার বিষয়টিতে কোন পরিবর্তন আসেনি। তিনটি ভিন্ন ক্যাটাগরিতে (চিত্রাংকন, ছবি ও ভিডিওগ্রাফি) মুক্তিযুদ্ধভিত্তিক একটি ভার্চ্যুয়াল প্রদর্শনীর আয়োজন করে সংগঠনটি। পুরো জেলার মানুষের কাছ থেকে এই তিন ক্যাটাগরিতে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্র, ছবি ও ভিডিও ডকুমেন্টারি সংগ্রহ করে সেগুলোকে একটি ভার্চ্যুয়াল গ্যালারিতে উপস্থাপন করা হয়। একজন ব্যবহারকারী মোবাইল, ল্যাপটপ কিংবা পিসি থেকে এই গ্যালারিতে প্রবেশ করলে ঘুরে ঘুরে দেখতে পারবে মুক্তিযুদ্ধ নিয়ে নানা রকম চিত্রকর্ম, ছবি এবং ভিডিও। গ্যালারিতে “বঙ্গবন্ধু কর্ণার” নামে একটি অংশ রয়েছে যেখানে প্রবেশ করার পর এই প্রজন্ম জাতির জনক বঙ্গবন্ধু নিয়ে জানতে ও শিখতে পারবে। তাছাড়া ব্যবহাকারী যেই ছবি কিংবা ভিডিওটিতে ক্লিক করবে, সেই ছবি কিংবা ভিডিওটি একটি সংক্ষিপ্ত বিবরণসহ ব্যবহারকারীর সামনে জুম আকারে উপস্থাপিত হবে। পুরো পক্রিয়াটি সম্পাদন করতে সহযোগিতা করেছে “বাগবাইট স্টুডিও” নামে একটি এপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান।

৮ই ডিসেম্বর রাত ৮ টা ৮ মিনিটে “আমরাই ব্রাহ্মণবাড়িয়া” পরিচালিত ফেসবুক গ্রুপ “WishForBetterBrahmanbaria” – তে লাইভের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এই ভার্চ্যুয়াল এক্সিভিশনের। সংগঠনের প্রতিষ্ঠাতা বিবর্ধন রায় ইমনের সঞ্চালনায় এই লাইভ অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট লেখক, নাট্যকার ও সাংবাদিক আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাংসদ যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র,আ,ম উবায়দুল মুক্তাদির চৌধুরী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। আগামি ১৬ই ডিসেম্বর রাত ৮টা ৮ মিনিট পর্যন্ত উন্মুক্ত রাখা হবে এই প্রদর্শনীটি। প্রদর্শনী শেষে প্রতি ক্যাটাগরিতে সেরা ১০ জনকে পুরষ্কৃত করবে সংগঠনটি, যেখানে নির্বাচক হিসেবে থাকবেন জনপ্রিয় ফটোগ্রাফার ওয়েডিং ডায়েরির সিইও প্রীত রেজা এবং টিভি নাটক ও চলচিত্র পরিচালক নির্মাতা রেদুওয়ান রনি। এই বিষয়ে জানতে চাওয়া হলে সংগঠনের প্রতিষ্ঠাতা বিবর্ধন রায় ইমন জানান, এটি নিঃসন্দেহে একটি ব্যতিক্রমধর্মী আয়োজন যার মাধ্যমে আমরা পরবর্তী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে তুলে ধরতে চেয়েছি এবং মুক্তিযুদ্ধভিত্তিক এমন আয়োজন জেলায় এটিই প্রথম। তাদের এই আয়োজনে সহযোগী হিসেবে থাকায় লা’রোজা, চিল ব্রোজ, বৈঠকখানা, লিটল বি প্রিস্কুল ও বাগবাইট স্টুডিওকে ধন্যবাদ জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ