অভি হাসান, মানিকগঞ্জ প্রতিনিধি:
“জ্ঞান-বিজ্ঞান করবে জয়, সেবা হবে বিশ্বময়”—এই স্লোগানে মানিকগঞ্জে শুরু হয়েছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ উপলক্ষে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড।
সোমবার (৬ মে) সকাল ১০টায় মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “বর্তমান যুগে টিকে থাকতে হলে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই। আমাদের শিক্ষার্থীদের মধ্যে গবেষণামুখী মনোভাব তৈরি করতে হবে। বিজ্ঞান মেলার মাধ্যমে তারা বাস্তব অভিজ্ঞতা
অর্জন করছে, যা ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. ইয়াছমিন খাতুন এবং সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুল্লাহ,
মানিকগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব শাহানুর ইসলাম এবং পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহাবুবসহ অনেকে।
মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫৬টি স্টল স্থাপন করা হয়েছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের তৈরি বিজ্ঞান প্রজেক্ট, উদ্ভাবনী মডেল এবং গবেষণা কার্যক্রম প্রদর্শন করছেন। এতে অংশ নিয়েছে ৬টি বিজ্ঞান ক্লাব।
মেলার অন্যতম আকর্ষণ ছিল স্থানীয় উদ্ভাবক জুলহাসের তৈরি বিমান, যা কলেজ মাঠে প্রদর্শিত হলে উপস্থিত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি ও বিজ্ঞানচর্চাকে উৎসাহিত করতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা।
মেলার পাশাপাশি আয়োজিত হচ্ছে বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান বিষয়ে সেমিনার ও আলোচনা সভা। এসব আয়োজন আগামী ৮ মে পর্যন্ত চলবে।