রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভোর থেকে শুরু হয়েছে মানুষের ঢল।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রভাত ফেরিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়। ছোট ছোট শিশুরাও বাবা-মায়ের হাত ধরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
সকাল ৯টা ১০ মিনিটে সমকাল সুহৃদ সমাবেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার সংলগ্ন মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সমকাল সুহৃদ সমাবেশ, রাবি শাখার সভাপতি আবু সাহাদাৎ বাঁধন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মাদ খালিদ, কোষাধ্যক্ষ দিপু বিশ্বাস, সুহৃদ উম্মে আকফা সাওদা, পুষ্পিতা দাস, তপু, অপু, সিহাব, তাসনীন রহমান মীমসহ বিভিন্ন সদস্যগণ।
এসময় সমকাল সুহৃদ সমাবেশ, রাবি শাখার সভাপতি আবু সাহাদাৎ বাঁধন বলেন, “আজ ২১শে ফেব্রুয়ারি আমাদের গৌরবময় ইতিহাসের এক অনন্য দিন। আজকের এই দিনে আমরা শ্রদ্ধা নিবেদন করছি সেই মহান ভাষা শহিদদের প্রতি, যাঁরা তাঁদের জীবন ও রক্ত দিয়ে আমাদের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেছেন।
এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, ভাষা কেবল কথার মাধ্যম নয়; এটি আমাদের পরিচয়, আমাদের আত্মার প্রতীক। সালাম, বরকত, রফিক, জব্বার এবং নাম না-জানা আরও অনেকের ত্যাগের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে পেরেছি। তাদের এই আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।”
এসময় উপস্থিত সকলের কণ্ঠে ছিল ভাষা নিয়ে নানা আবেগ ও প্রত্যাশা। বক্তারা বলেন, একুশের এই দিনে দেশের সকল মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হোক এবং একটি বৈষম্যহীন জাতি গঠনে সবাই একসঙ্গে কাজ করুক। পাশাপাশি শুদ্ধ বাংলা ভাষা প্রচলন ও চর্চার উপরও গুরুত্ব দেন তাঁরা।